নবীন উদ্যোক্তাদের প্রতিযোগিতা শুরু
নতুন ব্যবসায় উদ্যোগের (স্টার্টআপ) উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতা ‘কানেকটিং স্টার্টআপ সবাংলাদেশ’-এর বাছাই পর্ব শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘কানেকটিং স্টার্টআপস প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের উদ্ভাবনী প্রকল্পগুলো আন্তর্জাতিক বাজারে তুলে ধরে যাবে। আশা করছি, এ প্রতিযোগিতা থেকে এমন কোনো উদ্ভাবনী প্রকল্প বেরিয়ে আসবে।’ প্রতিযোগিতার আয়োজক আইসিটি বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
কানেকটিং স্টার্টআপস বাংলাদেশের মাধ্যমে নবীন উদ্যোক্তাদের যেমন উৎসাহিত করা হবে, তেমনই তাঁদের উদ্যোগগুলোকে এগিয়ে নিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র তৈরি করে দেওয়া হবে বলে সম্মেলনে জানানো হয়। প্রতিযোগিতায় আগ্রহীদের কাছ থেকে গত বছরের ১৮ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছে। জমা পড়েছে ৪৩৪টি প্রকল্প। গতকাল থেকে শুরু হয়েছে এসব আবেদন যাচাই-বাছাই কার্যক্রম। বাছাই পর্বে আয়োজকেরা প্রথমে ৫০টি প্রকল্প বেছে নেবেন। এরপর বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। সবশেষে ১০টি প্রকল্পকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন রাজধানীর জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে নির্দিষ্ট জায়গা, অর্থসংস্থান, উদ্ভাবনী অনুদান, প্রশিক্ষণ, আইনি সহায়তা ইত্যাদি। পাশাপাশি স্টার্টআপ নিয়ে আয়োজিত স্টার্টআপস এক্সেলারেটর কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ।
আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তৃতা করেন বাংলাদেশ বেসিসের সভাপতি শামীম আহসান, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অসসহ অনেকে।
সংবাদ সম্মেলনের পর ‘হাউটু বিকাম এ উইনার’, ‘ফান্ড রেইজিং’ ও ‘নেক্সট জেনারেশন মার্কেটিং’ শিরোনামে তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সহযোগিতা করছে বাংলালিংক, ইনকিউবেশন, ফেনক্স, গ্যাপ ও কিজকি।
এস এম নজিবুল্লাহ চৌধুরী