নবীনগরে গুঞ্জন পাঠাগারের উদ্যোগ
সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে বিজয়ী করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোহাতা গ্রামে গত শুক্রবার বিভিন্ন পেশার তিন শতাধিক মানুষ সুন্দরবনকে ভোট দিয়েছেন। ‘এসো সবার আগে ভালোবাসি দেশটা, সুন্দরবনকে বিজয়ী করতে সবাই করি চেষ্টা’ স্লোগান নিয়ে স্থানীয় ‘গুঞ্জন পাঠাগার’ এ অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আইনজীবী চন্দন সরকার। জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী একরামুল হক। পরে প্রায় দুই ঘণ্টা ধরে স্থানীয় বিভিন্ন পেশার তিন শতাধিক মানুষ এক উৎ সবমুখর পরিবেশে সুন্দরবনকে ভোট দেন। গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠতা হাবিবুর রহমান বলেন, ‘আমাদের উদ্যোগে সাড়া দিয়ে গ্রামের তিন শতাধিক মানুষ আজ ভোট দিয়েছেন। আমরা আগামীতে এ কার্যক্রমের সঙ্গে আরও মানুষকে সম্পৃক্ত করব।’ —নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি