নবীনগরে মাসব্যাপী কার্যক্রম শুরু
সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল সোমবার থেকে মাসব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। নবীনগর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় ইচ্ছাময়ী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল আলম। উদ্বোধনের পর ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ১০টি ল্যাপটপের মাধ্যমে সুন্দরবনকে ভোট দেয়। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ ভোট প্রদান কার্যক্রম চলে।আয়োজকদের অন্যতম মো. মামুন মিয়া ও আশরাফুল হক বলেন, ‘ন্যূনতম ১০ হাজার ভোট সংগ্রহের লক্ষ্য সামনে রেখে আমাদের এ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ৫২৫ জন শিক্ষার্থী সুন্দরবনকে ভোট দিয়েছে।’নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল আলম বলেন, ‘প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে সুন্দরবনকে বিজয়ী করতে তরুণদের এ কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ।’ —নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি