নভেম্বরেই নতুন লুমিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া চলতি বছরের নভেম্বর মাসে বাজারে আনবে দুটি নতুন মডেলের স্মার্টফোন। নিউইয়র্কের এক অনুষ্ঠানে ৫ সেপ্টেম্বর নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ লুমিয়া সিরিজের উইন্ডোজনির্ভর দুটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছেন। উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন দুটি স্মার্টফোন হচ্ছে লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০। অনুষ্ঠানে নকিয়ার প্রধান নির্বাহী এ ফোনটি নিয়ে উচ্চাশা পোষণ করলেও প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ দুটি স্মার্টফোনই নকিয়ার জন্য শেষ সুযোগ হতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০ স্মার্টফোন দুটি বাজারে আনার ঘোষণা দেওয়ার পর পুরোনো মডেলের উইন্ডোজ স্মার্টফোনগুলোর দাম কমানোর ঘোষণা দিতে যাচ্ছে লোকসানের মুখে পড়া নকিয়া। বাজার বিশ্লেষকেরা আরও জানিয়েছেন, বাজারে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে মিড রেঞ্জ বা মাঝারি দামের স্মার্টফোন হিসেবে লুমিয়া ৮০০ উইন্ডোজ ফোনের দাম ১৫ শতাংশ কমাতে পারে নকিয়া। পাশাপাশি অন্যান্য মডেলের পুরোনো উইন্ডোজ ফোনের দাম কমানোর ঘোষণাও দিতে পারে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, নকিয়ার নতুন লুমিয়া স্মার্টফোনগুলোতে ভোক্তাদের চমক দেওয়ার মতো কিছু নেই। ইতিমধ্যে এ হতাশার প্রতিফলন ঘটেছে শেয়ারবাজারে। নতুন স্মার্টফোনের ঘোষণা দেওয়া সত্ত্বেও নকিয়ার শেয়ারের দাম ১৩ শতাংশ পর্যন্ত পড়ে গেছে। ৬ সেপ্টেম্বরে নকিয়ার শেয়ারের দাম কমেছে৪.৬ শতাংশ। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, উইন্ডোজ ফোনের দাম কমার প্রভাব নকিয়ার অন্যান্য মোবাইলের ওপরেও পড়তে পারে।নকিয়ার উইন্ডোজ ফোনের দাম কমানোর বিষয়টি নিশ্চিত করেছে বাজার গবেষণাপ্রতিষ্ঠান সিসিএস ইনসাইট।লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের বাঁকানো এইচডি প্রযুক্তির ডিসপ্লে, ডুয়াল কোরের ১.৫ গিগাহার্টজের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি, ৮ মেগাপিক্সেল পিউরিভিউ ক্যামেরা সুবিধা। শক্ত প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে তারবিহীন চার্জিং পদ্ধতি যুক্ত হয়েছে। এলটিই এবং এইচএসপিএ+ উভয় প্রযুক্তি সমর্থন করবে লুমিয়া ৯২০।লুমিয়া সিরিজের নতুন ৮২০ স্মার্টফোনটি ৪.৩ ইঞ্চি মাপের সমান্তরাল ওএলইডি স্ক্রিনের সঙ্গে রয়েছে ডুয়াল কোরের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, এনএফসি ও তারবিহীন চার্জিং পদ্ধতি। লুমিয়া ৮২০-এ রয়েছে কার্ল জেইস লেন্সভিত্তিক ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া ভয়েস চ্যাটের জন্য সামনের দিকে রয়েছে ভিজিএ ক্যামেরা। ৮ গিগাবাইট মেমোরির পাশাপাশি রয়েছে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা এবং স্কাই ড্রাইভে ৭ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা। সাতটি রঙে বাজারে আসবে নকিয়ার লুমিয়া ৮২০।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর এ দুটি স্মার্টফোনের মাধ্যমে স্মার্টফোনের বাজারে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে নকিয়া। তবে বাজারে আসার পর নকিয়ার স্মার্টগুলোকে স্যামসাংয়ের অ্যাটিভ এস, এইচটিসির স্মার্টফোন, এলজি ও অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে।অবশ্য স্মার্টফোন দুটির দামের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া।