নভোযানের শৌচাগারে ত্রুটি, ২০ ঘণ্টার যাত্রায় বিকল্প ব্যবস্থায় আজ পৃথিবীতে ফিরছেন চার নভোচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার নভোচারী ফিরবেন পৃথিবীতে। (বাঁ থেকে) আকিহিকো হোশিদে, টমাস পেসকে, মেগান ম্যাকআর্থার এবং শেন কিমব্রো
নাসা

মহাকাশে আবর্তনরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে আজ রোববার পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরুর কথা রয়েছে চার নভোচারীর। তবে নভোযানের শৌচাগার অকেজো হয়ে পড়ায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে তাঁদের। প্রায় ২০ ঘণ্টার যাত্রায় মূল পোশাকের নিচে অতিরিক্ত ডায়াপার পরে থাকবেন নভোচারীরা।

নাসার নভোচারী মেগান ম্যাকআর্থার এই পরিস্থিতিকে ‘অপ্রতুল তবে চালিয়ে নেওয়ার মতো’ হিসেবে উল্লেখ করেন গত শুক্রবার। মহাকাশ স্টেশন থেকে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, ‘মহাকাশ ভ্রমণ ছোট ছোট অনেক চ্যালেঞ্জে পূর্ণ। এটা তেমনই আরেকটি, যা আমাদের মোকাবিলা করতে হবে এবং আমরা চালিয়ে নেব। তাই এটা নিয়ে আমরা তেমন চিহ্নিত নই।’

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন
উইকিমিডিয়া কমন্স

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক দফা মিটিং শেষে মেগান এবং বাকি তিন নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন অভিযানের ব্যবস্থাপক। এরপর তাঁদের স্থলাভিষিক্ত করতে আরেক দল নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানো হবে। পরবর্তী সে অভিযান এরই মধ্যে নির্ধারিত সময়ের চেয়ে সপ্তাহখানেকের বেশি পেছানো হয়েছে। কোনো এক নভোচারীর ‘চিকিৎসাসংক্রান্ত কারণে’ অভিযান স্থগিত রাখা হলেও এ ব্যাপারে বিস্তারিত জানায়নি নাসা।

মেগানের সঙ্গে পৃথিবীতে ফিরছেন ফরাসি নভোচারী টমাস পেসকে। তিনি বলেন, গত ছয় মাস এখানে বেশ রোমাঞ্চকর ছিল। স্টেশনের বিদ্যুতের গ্রিড উন্নয়নের জন্য নভোচারীরা বেশ কয়েকটি স্পেসওয়াকে (স্পেস স্যুট পরে নভোযানের বাইরে যাওয়া) অংশ নেন। আইএসএসে যুক্ত হওয়া রুশ নভোযানের অনিচ্ছাকৃত থ্রাস্টে ক্ষণিকের জন্য ঘুরতে শুরু করে স্টেশন। আইএসএসে প্রথমবারের মতো কোনো বেসামরিক রুশ চলচ্চিত্র তারকাকে অতিথি করে আনা হয়।

স্পেসএক্সের ক্রু ড্রাগন এনডেভার ক্যাপসুল। ছবিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্ত হওয়ার ঠিক আগের। এতে করেই পৃথিবীতে ফেরার কথা রয়েছে নভোচারীদের
নাসা

এর সঙ্গে যুক্ত হলো শৌচাগারের ত্রুটিও। ছিদ্র থাকায় ছড়িয়ে পড়ে মূত্র। গত সেপ্টেম্বরে প্রথম এমন সমস্যা দেখা দেয়। বেসামরিক যাত্রী নিয়ে স্পেসএক্সের নভোযান মহাকাশে গেলে খুলে আসে একটি টিউব, এরপর ফ্লোরবোর্ডের (কৃত্রিম মেঝে) নিচে মূত্র ছড়িয়ে পড়তে শুরু করে। পৃথিবী থেকে উড্ডয়নের অপেক্ষায় থাকা ক্যাপসুলটির ত্রুটি সারালেও মহাকাশ স্টেশন থেকে ফিরতি যাত্রার অপেক্ষায় থাকা নভোযানটির শৌচাগার ব্যবহারের অযোগ্য ঘোষণা করা হয়।

প্রকৌশলীরা বলেছেন, ছড়িয়ে পড়া মূত্রে ক্যাপসুলের অন্যান্য অংশের ক্ষতি হয়নি। অর্থাৎ তাতে চড়ে ফিরতি যাত্রা শুরু করা নিরাপদ ঘোষণা করেন। নভোচারীদের এখন মূল পোশাকের নিচে তরল শুষে নিতে পারার মতো অতিরিক্ত ডায়াপার পরতে হবে।

আইএসএসের শৌচাগার এটি। স্পেসএক্সের ক্যাপসুলের শৌচাগার ঠিক এমন না হলেও ধারণা মিলবে।

মেগান ম্যাকআর্থার এবং টমাস পেসকের সঙ্গে একই অভিযানে পৃথিবীতে আসছেন নাসার নভোচারী শেন কিমব্রো এবং জাপানি নভোচারী আকিহিকো হোশিদে। গত ২৩ এপ্রিল এই চার নভোচারীকে আইএসএসে পাঠানো হয় স্পেসএক্সের নভোযানে। তাঁদের বহনকারী ক্যাপসুলটি মহাকাশে সর্বোচ্চ ২১০ দিন রাখার জন্য সনদপ্রাপ্ত। আজ নির্ধারিত সময়ে যাত্রা শুরু করলে মহাকাশে তাঁদের টানা ১৯৯ দিন থাকা হবে। এখন যত দ্রুত সম্ভব তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনতে চায় নাসা।

বাংলাদেশ সময় আজ রোববার রাত ১১টা ৪ মিনিটে ওই নভোচারীদের বহনকারী ক্যাপসুল আইএসএস থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা রয়েছে। নাসার তথ্য অনুযায়ী আগামীকাল সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার আগে তাঁরা পৃথিবীর মাটি স্পর্শ করতে পারবেন না।