নমনীয় স্মার্টফোন আনছে স্যামসাং
সহজেই ভাঁজ করা যাবে এমন স্মার্টফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ২০১৩ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য কনজুমার ইলেকট্রনিক শো বা সিইএস মেলায় নমনীয় স্মার্টফোনের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন এ বিষয়টি গুজব হিসেবে থাকলেও সম্প্রতি স্যামসাং ডিসপ্লে ইউনিট প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটকে নমনীয় স্মার্টফোনের বিষয়টি নিশ্চিত করেছে।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজের পরবর্তী স্মার্টফোন গ্যালাক্সি এস ফোর হতে পারে নমনীয় প্রযুক্তির।স্যামসাংয়ের ডিসপ্লে ইউনিটের একজন মুখপাত্র নমনীয় স্মার্টফোনের বিষয়টি নিশ্চিত করে বলেন, উন্নত রেজুলেশনের ৫.৫ ইঞ্চি মাপের নমনীয় ডিসপ্লে তৈরিতে কাজ করছেন তাঁরা। এ ডিসপ্লে নির্দিষ্ট কোণ পর্যন্ত বাঁকানো যাবে। তিনি জানান, ডিসপ্লে বাঁকানো সম্ভব হলেও রোল করা সম্ভব হবে না। এ ধরনের স্মার্টফোনের জন্য টাচ প্যানেল ও লেন্স তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় নমনীয় স্মার্টফোন ছাড়াও নতুন প্রযুক্তির ৫৫ ইঞ্চি মাপের টেলিভিশন প্রদর্শন করবে স্যামসাং।