নরসিংদীতে আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসব চলছে

জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে নরসিংদীতে শুরু হয়েছে সিটি ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসব। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির নতুন মিলনায়তনে উৎসবের শুরু, উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামাল হোসেন।

মো. কামাল হোসেন বলেন, বর্তমানে শিক্ষার্থীরা বিজ্ঞান নিয়ে পড়তে চায় না। শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ে উৎসাহ দিতে প্রথম আলোর এ আয়োজন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি ‘প্রথম আলো’র কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের প্রধান সমন্বয়কারী ও প্রথম আলোর যুব কর্মসূচির প্রধান মুনির হাসান ও সিটি ব্যাংকের নরসিংদী শাখার ব্যবস্থাপক নুরুজ্জামান।
উৎসবে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে কুইজ প্রতিযোগিতায় প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারিতে অংশ নিয়েছে ৩৫০ শিক্ষার্থী। আর প্রকল্প প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৪০টি প্রকল্প।