নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি উৎসব শুরু
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি উৎসব। বিশ্ববিদ্যালয়ের ওয়্যারলেস ফোরাম আয়োজিত ‘টেক ফিয়েস্তা ২০১০’ শিরোনামের তিন দিনের এ অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সঙ্গে এগিয়ে যেতে হলে প্রয়োজন দক্ষ মানবসম্পদ এবং এ কাজে দেশের সব বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসতে হবে। ইন্টারনেটের ব্যান্ডউইথের মূল্যের ব্যাপারে তিনি বলেন, ইন্টারনেটের ব্যান্ডউইথের মূল্য আরও কমানো হবে এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। এ ছাড়া আগামী ছয় মাসের মধ্যে ১০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ বাজারে আসবে বলে জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, দেশে দ্বিতীয় সাবমেরিন কেবেলর কাজ এগিয়ে চলছে। সার্বিকভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সবাই মিলে একসঙ্গে কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুনুর রশীদ, এনএসইউর সহ-উপাচার্য এস এ এম খায়রুল বাশার, এনএসইউর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান বেনেজীর আহমেদ, ওয়্যারলেস ফোরামের উপদেষ্টা এবং তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান (ইইসিএস) বিভাগের চেয়ারম্যান মিফতাহুর রহমান বক্তব্য দেন। তিন দিনের এ উৎসবে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। গতকাল উৎসবের প্রথম দিনে ‘টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড ক্রিয়েটিং আর অ্যান্ড ডি ফ্যাসিলিটিজ বাই দি ইনভেস্টিং কোম্পানিজ ইন দি একাডেমিক ইনস্টিটিউশন অব দ্য হোস্ট কান্ট্রি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া থাকছে তথ্যপ্রযুক্তির প্রদর্শনী, চাকরি মেলা, আন্তবিশ্ববিদ্যালয় টেলিম্পিয়াড ও আন্তবিশ্ববিদ্যালয় গেম প্রতিযোগিতা। উৎসব শেষ হবে আগামীকাল। —নুরুন্নবী চৌধুরী