নাই টেলিফোন নাই ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার চার বছর নয় মাস পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টেলিফোন সংযোগ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নামের দুই বিভাগ থাকলেও ওই বিভাগের শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাব থাকলেও এর থেকে সুফল পাচ্ছেন না শিক্ষার্থীরা।প্রযুক্তির ওই দুই বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্য ১২টি বিভাগের শিক্ষার্থীরাও কম্পিউটার ব্যবহার করতে পারছেন না। শিক্ষার্থীদের কেউ কেউ মোবাইল ফোনের সংযোগনির্ভর মডেমের মাধ্যমে নিজেদের কাজ চালিয়ে নিচ্ছেন।সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী চৌধুরী শাহরিয়ার মোজাম্মেল ও খলিল আহমেদ জানান, সিএসই বিভাগে ৩০টি কম্পিউটার নিয়ে একটি ল্যাব আছে। তবে এখানে কোনো ধরনের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। গ্রামীণফোনের মডেম ব্যবহার করে কোনো রকমে নেটওয়ার্ক পাওয়া যায়, তা-ও আবার অনিয়মিত। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মালেক বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টেলিফোনের সংযোগই দেওয়া হয়নি। ওই কারণে বিটিসিএলের ইন্টারনেট সংযোগ পাওয়া যায়নি। ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করার জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছে।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান বলেন, ‘টেলিফোন সংযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এরই মধ্যে কিছু কাজও শুরু হয়েছে। টেলিফোন সংযোগ এলেই শিক্ষার্থীসহ পুরো বিশ্ববিদ্যালয় ইন্টারনেটের সুফল পাবে।’প্রসঙ্গত, ২০০৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১৪টি বিভাগ রয়েছে। এসব বিভাগে তিন হাজার শিক্ষার্থী, শতাধিক শিক্ষক ও দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।—নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা