
তথ্যপ্রযুক্তির এই যুগে এসেও দেশের একটি বিশ্ববিদ্যালয়ে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ নেই। বিস্ময়কর হলেও এ অবস্থা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার ছয় বছর পরও টেলিফোন ও ইন্টারনেট সংযোগ না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা যোগাযোগপ্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।২০০৭ সালের ২৮ মে দেশের ২৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে টেলিফোন সংযোগ না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ইন্টারনেটের সুবিধা না থাকায় দাপ্তরিক কাজও চলছে মন্থর গতিতে। সরেজমিন ঘুরে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। এমনকি কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থীদেরও ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। একই অবস্থা শিক্ষকদের বেলাতেও। তার ওপর বিভাগের নিজস্ব কোনো কম্পিউটার ল্যাব নেই। নেই শিক্ষকদের জন্য পর্যাপ্ত কম্পিউটারও। সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. আবদুল মালেক জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে পাঁচটি ব্যাচে ১৭৭ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীদের অন্য বিভাগের ল্যাবে কাজ করতে হয়। ইন্টারনেট না থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য মাত্র একটি কম্পিউটার রয়েছে। এটিতেই শিক্ষকেরা মডেম যুক্ত করে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। যোগাযোগপ্রযুক্তির সুবিধা না থাকার ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপনের কাজ চলছে। পাশাপাশি বিটিসিএল থেকে টেলিফোন সংযোগের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব হয়ে গেলে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ চালু করা যাবে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তৃতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফিরোজ রহমান বলেন, ‘যে ল্যাবে আমাদের পরীক্ষা নেওয়া হয়, সেখানকার কম্পিউটারের অবস্থাও খারাপ। পরীক্ষা শুরুর আগে উইন্ডোজ ইনস্টল করে পরীক্ষা শুরু করার নজিরও রয়েছে। ল্যাব অপ্রতুল হওয়ায় আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’
সিএসই বিভাগের শিক্ষার্থীরা অবিলম্বে পুরো বিশ্ববিদ্যালয়কে ইন্টারনেটের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ওয়াই-ফাই নেটওয়ার্ক চালুরও দাবি জানান।