নাইজেরিয়ার ভবিষ্যৎ বাঁচান

নাইজেরিয়ার ২৮০ স্কুলছাত্রীকে অপহরণের প্রায় মাস খানেক হলো৷ দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বোর্নোর এক বিদ্যালয় থেকে তাদের অপহরণ করেছিল ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম৷ এই ছাত্রীদের পরিণতি এখনো অনিশ্চয়তার দোলাচলে৷ তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার, বিশ্ব জনমত সোচ্চার তাদের মুক্তির দাবিতে৷ অপহৃত ছাত্রীদের মুক্তির দাবিই এ মুহূর্তে বিশ্বের প্রধান আলোচ্য বিষয়৷
অপহৃত ছাত্রীদের মুক্তির দাবিতে ইতিমধ্যে গণস্বাক্ষর করেছে ১০ লাখ মানুষ৷ আগামী ১৬ জুন আফ্রিকার শিশুদের আন্তর্জাতিক দিবসে অংশ নেওয়া প্রতিটি মহাদেশের শিশুরা এই হতভাগ্য শিশুদের জন্য প্রার্থনায় শামিল হবে৷ ২০টি দেশের শিশু-কিশোরেরা অপহৃত ছাত্রীদের দুর্ভাগ্যের ব্যাপারে কথা বলবে নিজ নিজ দেশের পার্লামেন্টে৷ একই সঙ্গে তারা সোচ্চার হবে বিদ্যালয়ে যেতে পারে না, এমন পাঁচ কোটি ৭০ লাখ শিশুর বিষয়েও৷
বোকো হারাম অপহৃত ছাত্রীদের যৌনকর্মী হিসেবে আফ্রিকার বিভিন্ন দেশে বিক্রির হুমকি দিয়েছে৷ তাই বিষয়টি এখন আর শুধু নাইজেরিয়ায় সীমাবদ্ধ নেই, পার্শ্ববর্তী দেশ চাদ ও ক্যামেরুনকেও বিষয়টি ভাবাচ্ছে৷ কারণ, অপহৃত ছাত্রীদের ইতিমধ্যে প্রতিবেশী এই দেশগুলোয় পাচার করে দেওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷
স্বল্পমেয়াদের মধ্যে সন্ত্রাসী হামলা থেকে বিদ্যালয়গুলোকে আরও নিরাপদ করতে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন৷ দেশটির উত্তরাঞ্চলের ছয়টি রাজ্যের মেয়েরা যাতে বিদ্যালয়ে যেতে আর ভয় না পায়, কর্তৃপক্ষকেই সেটি নিশ্চিত করতে হবে৷ নিতে হবে নিরাপদ বিদ্যালয়ের পরিকল্পনা৷ আর দীর্ঘমেয়াদে দেশটির কর্তৃপক্ষকে বিদ্যালয়ে যায় না, এমন এক কোটি ছেলেমেয়েকে শিক্ষিত করার নতুন পরিকল্পনা নিতে হবে৷
নাইজেরিয়ার স্থানীয় ভাষায় ‘বোকো হারাম’ শব্দের অর্থ ‘পশ্চিমা শিক্ষা হারাম’৷ বছরের পর বছর ধরে চলা বোকো হারামের এই শিক্ষাবিরোধী প্রচারণা মোকাবিলায় সরকারকে সোচ্চার হতে হবে৷
কয়েক বছর আগে জনসেবায় নিয়োজিত পপ তারকা বোনোর সঙ্গে আমি নাইজেরিয়ার রাজধানী আবুজার প্রত্যন্ত এক বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলাম৷ সেখানকার শিক্ষার্থীদের কাছে জানতে চাইলাম, বড় হয়ে তোমরা কী হতে চাও? বিশ্বের আর সব শিশুর মতোই ছিল তাদের উত্তরগুলো৷ তারা চিকিৎসক, বিজ্ঞানী, সেকক-সেবিকা, প্রকৌশলী, পাইলট ও ব্যবসায়ী হতে চায়৷ অবশ্য, তাদের কেউ-ই রাজনীতিবিদ হতে চায়নি৷ শিক্ষার্থীদের কেউ যে রক তারকা হতে চায় না, বোনোকে সেটা বেশ বিস্মিত করেছিল৷
বিদ্যালয় পরিদর্শনকালে একটি বিষয় আমাকে বেশ নাড়া দিয়েছিল৷ তা হলো, শিক্ষার্থীরা খুবই নিম্নমানের শিক্ষায় শিক্ষিত হচ্ছে৷ তাদের পেছনে পশ্চিমা সাহায্যের পরিমাণ খুব কম৷ (নাইজেরিয়ার প্রত্যেক শিক্ষার্থীর পেছনে পশ্চিমা সাহায্যের পরিমাণ বছরে মাত্র দুই ডলার৷ আর সাব-সাহারা আফ্রিকার দেশগুলোয় শিক্ষার্থীপ্রতি এই সাহায্যের পরিমাণ ১২ ডলার)৷ টিনের চাল ফুটো জরাজীর্ণ বিদ্যালয় ভবনে বসে ক্লাস করে শিক্ষার্থীরা৷ কেউ কেউ মেঝেতে বসে, আবার একজনের জন্য বানানো বেঞ্চে গাদাগাদি করে তিন-চারজন বসে ক্লাস করে৷ পশ্চিমের কোনো মা-বাবা সন্তানের এমন স্কুলের কথা ভাবতেই পারেন না৷
পরিদর্শন শেষে আমরা যা বুঝলাম, সেটা ছিল খুবই হতাশাজনক৷ এই ভগ্নদশা বিদ্যালয় থেকে মাত্র কয়েক মাইল দূরেই একটা মাদ্রাসা৷ নতুন আর ঝকঝকে৷ এখানে বিনা বেতনে পড়ার সুযোগ আছে৷ জঙ্গিবাদে মদদ দেয়, মধ্যপ্রাচ্যের এমন দেশগুলোর অর্থে চলে মাদ্রাসাটি৷ শিক্ষার্থীরা তাই এখন ছুটছে মাদ্রাসার দিকে৷ সেখানে এই শিক্ষার্থীদের বিশেষ আদর্শের ব্যাপারে মগজধোলাই করা হয়; জঙ্গিবাদের সমর্থনে প্রচার চালানো হয়৷ নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কাছে শান্তির ধর্মের ভুল ব্যাখ্যা ও বিকৃত দর্শন পৌঁছে যাচ্ছে৷ আফ্রিকার বিভিন্ন অংশে যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, সেটি আমার কাছে তাই বিস্ময়কর নয়৷ আর এই ঝুঁকিতে থাকা দেশ শুধু নাইজেরিয়া নয়৷
বিদ্যালয়ে যায় না, এমন ২০ লাখেরও বেশি শিশু সংঘাতপূর্ণ এলাকায় বড় হচ্ছে৷ সেটা হতে পারে দক্ষিণ সুদান, আবার হতে পারে আফগানিস্তান-পাকিস্তানের সীমান্ত এলাকা৷ প্রায় ১৮ মাস আগে পাকিস্তানে মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার পর আমি সেখানে গিয়েছিলাম৷ তখন দেখেছি, শুধু বিদ্যালয়ে যেতে চাওয়ার কারণে কোনো মেয়েকে সহজেই গুলি করা যায়৷ প্রায় পুরো জনগোষ্ঠী তালেবানের ভয়ে জড়সড়৷
কয়েক সপ্তাহ আগে আবার পাকিস্তানে গেলাম৷ সফরকালে এক বিকেলে দুই হাজার ছাত্রীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় দেখলাম, তালেবানের ভয়ে আর কোনো মেয়েকে জোরপূর্বক দেশ না ছাড়ার ব্যাপারে তারা বেশ দৃঢ়প্রতিজ্ঞ৷ এই মেয়েদের কেউ চায় না, তাদের দেশ মালালার ওপর হামলাকারীর দেশ হিসেবে পরিচিত হোক৷ তারা চায়, পাকিস্তান নারীর ব্যর্থতা নয়; সাফল্যের কারণে স্বীকৃতি পাক৷
নাইজেরিয়ার সরকার ও জনগণ জঙ্গিবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সহায়তার দাবি রাখে৷ অল্প কিছু জঙ্গিবাদী নৃশংস সব ঘটনা ঘটাচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু মানুষ৷ এই জঙ্গিবাদীরা দেশকে বিভক্ত করে ফেলছে৷ একের পর এক বিদ্যালয় বন্ধ হবে, মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হবে, আর মা-বাবা মেয়েদের জীবন নিয়ে ভয়ে থাকবেন—এসব আমরা দিনের পর দিন মুখ বুঝে মেনে নিতে পারি না৷ যারা শিশুদের হত্যা বা অপহরণ করছে, তাদের জেনে রাখা উচিত, আন্তর্জাতিক সম্প্রদায় তাদের শাস্তি দেবে৷ আমরা হয়তো রাতারাতি জঙ্গিবাদের অবসান ঘটাতে পারব না; তবে বিদ্যালয়গুলোকে নিরাপদ করার উদ্যোগ নিতে পারি৷ প্রতিটি শিশু মহামূল্যবান, প্রতিটি শিশুরই শেখার অধিকার আছে৷
লেখক: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জাতিসংঘের বিশ্বশিক্ষাবিষয়ক বিশেষ দূত
ইংরেজি থেকে অনূদিত, স্বত্ত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
