নাইটহুড পেলেন অ্যাপলের নকশাপ্রধান
গত ১৫ বছর ধরেই অ্যাপলের বিভিন্ন যুগান্তকারী উদ্ভাবনের পেছনের কারিগর ছিলেন জোনাথন আইভ। এসব বৈপ্লবিক প্রযুক্তিপণ্যের নকশা তৈরি করেছিলেন তিনিই। সেই আইভকেই নতুন বছরের সূচনালগ্নে নাইটহুড উপাধি দিয়ে সম্মানিত করা হল। আইভ অ্যাপলের নকশাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।১৯৯২ সালে অ্যাপলে যোগ দেওয়ার পর থেকেই তিনি এ প্রতিষ্ঠানের যুগান্তকারী সব ইলেকট্রনিক গেজেটের নেপথ্যের অন্যতম প্রধান কারিগর হিসেবে কাজ করে আসছেন।নাইট কমান্ডার অব ব্রিটিশ এম্পায়ার (কেবিই) হওয়ার পর উচ্ছ্বসিত জোনাথন আইভ বলেছেন, এ উপাধি পাওয়ায় তিনি নিজেকে অসম্ভব সম্মানিত বোধ করছেন।জোনাথন আইভ স্বীকার করেন, ছোটবেলা থেকেই নকশা ও অলংকরণের প্রতি আগ্রহ তাঁকে এ পর্যায়ে নিয়ে এসেছে। ১৯৬৭ সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন রৌপ্যকার। বাবার পেশা তাঁকে একজন নকশাবিদ হিসেবে গড়ে উঠতে দারুণ উদ্দীপ্ত করেছিল।জোনাথন আইভের সঙ্গে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সুসম্পর্ক ছিল। ওয়ালটার আইজ্যাকসন রচিত স্টিভ জবসের জীবনীগ্রন্থের একপর্যায়ে জোনাথন আইভকে জবস, ‘ঐশ্বরিক সহযোগী’ হিসেবে উল্লেখ করেছেন। মূলত স্টিভ জবস ও অ্যাপলের দারুণ জনপ্রিয় প্রযুক্তিপণ্য আইপ্যাড, আইফোন ও আইপডের নকশা এই জোনাথন আইভেরই মস্তিষ্কপ্রসূত।ছোটবেলা থেকেই জোনাথন আইভের সব মনোযোগ ও আগ্রহ কেন্দ্রীভূত ছিল ছবি আঁকার প্রতি। একই সঙ্গে তিনি ছোট ছোট জিনিস তৈরি করতেও দারুণ আগ্রহী ছিলেন। নর্থআমব্রিয়া বিশ্ববিদ্যালয়ে নকশা ও অলংকরণ বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি একটি নকশা প্রণয়ন প্রতিষ্ঠান গড়ে তোলেন কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে। ট্যাঙ্গেরাইন নামের এই নকশা প্রণয়ন প্রতিষ্ঠানের অন্যতম গ্রাহক ছিল অ্যাপল। একবার একটি নোটবুকের নকশা প্রণয়ন করে তিনি অ্যাপলের দৃষ্টি আকর্ষণ করেন। সেই নোটবুকের নকশাই তাঁকে এনে দেয় অ্যাপলে স্থায়ী চাকরি। রয়টার্স।