নাগরিক অভিযোগ প্রতিকার ব্যবস্থার নতুন সংস্করণ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে অভিযোগ প্রতিকার ব্যবস্থার পরীক্ষামূলক সংস্করণ

সরকারের অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা গ্রিভেন্স রিড্রেস সিস্টেমের (জিআরএস) নতুন সংস্করণ পরীক্ষামূলকভাবে চালু করা হলো সাতক্ষীরায়। এতে জাতীয় হেল্পলাইন ৩৩৩ এবং ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম যুক্ত করা হয়েছে। তা ছাড়া জিআরএস অ্যাপের মাধ্যমেও নাগরিকেরা অভিযোগ তুলে ধরতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জিআরএস প্রথম চালু করা হয় ১৯৮৬ সালে। ২০১৫ সালে ২১ জেলায় মন্ত্রিপরিষদ বিভাগ এই সিস্টেমটির অনলাইন সংস্করণ চালু করে। তবে কার্যক্রম কেবল জেলা পর্যায়ে সীমাবদ্ধ থাকায় এটির পরিপূর্ণ ব্যবহার সম্ভব হয়নি। নতুন করে অনলাইন জিআরএস সিস্টেম পরীক্ষামূলকভাবে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় শুরু করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির গতকাল মঙ্গলবার অনলাইন জিআরএসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান নুয়েন। এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (এসএসএন) মো. খালেদ হাসান, ইউএনডিপির অ্যান্টি-করাপশন গ্লোবাল অ্যাডভাইজার আঙ্গা আর টিমিলসিনা এবং সাতক্ষীরা সদরের উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ইউএনডিপি, এটুআই, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। নাগরিকরা এখন সশরীর সরকারি দপ্তরে না এসেও ঝামেলাবিহীন অনলাইনে তাঁদের অভিযোগ জানাতে পারবেন।’

নাগরিকদের সিস্টেমটিতে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন ভ্যান নুয়েন। তিনি বলেন, প্ল্যাটফর্মটিকে সফল করতে নাগরিকদের অবশ্যই সিস্টেমটি ব্যবহার করতে হবে। যদি তাঁরা অভিযোগ না করেন, তাহলে সেবা প্রদানকারীদের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে না।’

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, এরপর নতুন জিআরএস সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোখলেসুর রহমান। খন্দকার মনোয়ার মোর্শেদ জিআরএসের পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে ধারণা দেন এবং কীভাবে অফলাইন ও অনলাইন যোগাযোগমাধ্যমগুলোকে অন্তর্ভুক্ত করে নাগরিকদের সর্বোচ্চ সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে তা ব্যক্ত করেন।