
আর্কিটেক্ট ফ্রাংক ও’গেরি (ফ্রাঙ্ক ওয়েন গোল্ডবার্গ) এ সময়কার জীবিত স্থপতিদের মধ্যে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ স্থপতি হিসেবে স্বীকৃত। আমেরিকার লস অ্যাঞ্জেলেস নিবাসী কানাডিয়ান এই স্থপতি ইতিমধ্যে বেশ কিছু উল্টাপাল্টা ডিজাইন করে স্থাপত্যরসিকদের মাথা ঘুরিয়ে দিয়েছেন। স্থাপত্যে ডিকনস্ট্রাকশনের যে ধারা শুরু হয়েছে কুড়ি বছর ধরে, তাঁকে এই ধারার অন্যতম পথীকৃত স্থপতিও বলা হয়ে থাকে। তাঁর নামের সঙ্গে ‘ব্রুটালিস্ট’ শব্দটিও যুক্ত হয়। নির্দয়ভাবে তিনি ফর্ম ভাঙেন, অনেকটা পেপার আর্কিটেকচারের মতো। কিন্তু এসব করেও তিনি যতটা না সমালোচিত, তার কয়েক গুণ বেশি তিনি সমাদৃত। স্থাপত্যের বেদবাক্য ‘ফর্ম এভার ফলোজ ফাংশন’কে (লুইস সুলিভান) তিনি উড়িয়ে দিয়ে নানা রকম বৈপ্লবিক আকার দেওয়া শুরু করেন তাঁর স্থাপনায়। তাঁর ডিজাইন করা স্থাপনাগুলো যতটা না ব্যবহারের জন্য উপযোগী, তার চেয়ে অনেক বেশি দেখার জন্য। স্থাপত্যের সঙ্গে কিউবিক বা এবস্ট্রাক্ট ফর্মের ভাস্কর্যের একটা সম্মিলন তিনি ঘটান।
ক্যালিফোর্নিয়ার ওয়াল্ট ডিজনি কনসার্ট হলের ডিজাইন করে ১৯৮৯ সালে যখন তিনি সবচেয়ে সম্মানিত প্রিৎজকার আর্কিটেকচার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন, তখন তাঁর কাজের দিকে নজর গেল বিশ্বের। স্পেনের বিলবাওয়ের গগেনহাইম মিউজিয়াম, সিয়াটলের এক্সপেরিয়েন্স মিউজিক প্রজেক্ট, বার্সেলোনার পোর্টের মৎস ভাস্কর্য, প্রভৃতি ডিজাইন করে তারকা স্থপতি হিসেবে খ্যাতির শীর্ষে আছেন। এই স্থপতির একটা কাজ আছে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে, এর নাম ‘ড্যানসিং হাউস’। আমার একদিন সেটা দেখার সুযোগ হয়েছিল।
ভালতাভা নদীর ওপর দিয়ে ব্রিজ পার হচ্ছি গাড়ি দিয়ে। সম্রাট আমাদের গাড়ি থামিয়ে দিল। বলল, সামনে নদীর পাড়েই ওই দেখুন বিল্ডিং। বিল্ডিংটা খুব কাছে থেকে দেখলে কিছুই বোঝা যাবে না। আপনারা এখান থেকে হাঁটতে হাঁটতে, ছবি তুলতে তুলতে আসেন, ওপাড়ে আমি গাড়ি নিয়ে আছি।
নেমে যাই গাড়ি থেকে। দেখি, ভালতাভার পাড়েই যেখানে গোথিক, বারোক আর আর্টনভ্যুরীতির সারি সারি দালান, তার সঙ্গেই একটা দালানে দুটি অন্যরকমের স্ট্রাকচার, যা মূল দালানের সঙ্গে যুক্ত নয়, আবার আলাদাও নয়। দুই উচ্চতার দুটি শশার আকৃতির বিল্ডিং, নিজেদের মধ্যে ভাঁজ খেয়ে এঁকেবেঁকে উঠে গেছে। আশপাশের দালানগুলোর চরিত্রের সঙ্গে এ দালানটির কোনো মিল নেই। এর নাম ‘ড্যানসিং হাউস’।
‘ড্যানসিং হাউস’ বিল্ডিংটা যেখানে বানানো হয়, এ জায়গাটিতে একসময় সেই পুরোনো রীতির কিছু দালানকোঠা ছিল। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা পড়ে বিল্ডিংটি ধ্বংস হয়ে যায়। বেশ কয়েক বছর এখানে কিছুই ছিল না। ১৯৮৯ সালের সমাজতান্ত্রিক বিপ্লবের পর এই দালানটির মালিকানা চলে আসে চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের হাতে এবং দালান বানানোর জন্য একটা ব্যাংক অসীম অঙ্কের টাকা বিনিয়োগ করতে রাজি হয়।
এ সময় ১৯৯২ সালে, জেনেভায় বসে চুক্তি হয় স্থপতি ফ্রাংক ও’গেরির সঙ্গে। প্রথম বৈঠকেই ঠিক হয় যে সমাজতান্ত্রিক পটপরিবর্তনের বিষয়টা স্থাপত্যে নিয়ে আসা হবে এবং এ কারণে একটি স্থির ভবনের সঙ্গে একটি আপাতত চলমান ভবন সংযুক্ত করে একটা স্ট্রাকচার হবে। তারই ফল হিসেবে ডিকনস্ট্রাকটিভস্ট আর্কিটেকচারের রূপ পেল এই দালানটি। ফ্রাংক ও’গেরির সঙ্গে কাজ করেন ক্রোয়েশিয়-চেক স্থপতি ভ্রাদো মিলুনিখ। দুজন মিলে ডিজাইন করলেন ১৯৯২ সালে, শেষ হলো ১৯৯৬ সালে।
এই বিল্ডিংটির নাম ‘ড্যানসিং হাউস’ বা ‘নাচুনে বাড়ি’। কী করে হলো, এটা জানতে খুব ইচ্ছে করল। খোঁজ নিয়ে জানা গেল, ফ্রেড এসটায়ার ও জিনজার রজারস নামক নর্তক-নর্তকী যুগলের নামে প্রথমে বিল্ডিংটির নাম হয় ‘ফ্রেড অ্যান্ড জিনজার’।
৯৯টি ভিন্ন ভিন্ন আকার ও আকৃতির কংক্রিটের প্যানেল জোড়া লাগিয়ে এ দুটি ভবনের অবয়ব তৈরি করা হয়। তার একটি কাচের টাওয়ার, যার অর্ধেক অংশ কতগুলো বাঁকানো পিলারের ওপর খাড়া। দ্বিতীয়টি নদীর পাড়ের সাথে সমান্তরাল উঠে গেছে। এ দুটি টাওয়ারের জানালাগুলো পাশের উনবিংশ শতাব্দীর দালানগুলোর সঙ্গে একই রেখায়। বিল্ডিংয়ের ভেতরের সাজসজ্জা অনেকটা পাশের দালানগুলোরই মতো, শুধু বাইরে থেকে তাকে অন্য মেজাজে ভাস্কর্যিক রূপ দেয়া হয়েছে। এই প্রাগের গোথিকরীতি থেকে শুরু করে বারোক বা রকোকোরীতির অন্যান্য দালানের বাইরের ফ্যাসাদে বিভিন্ন সময়ে যেসব ভাস্কর্যিক অবয়ব দেওয়া হয়েছিল, বিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে এখানে যুক্ত হয়েছে নতুন মাত্রা।
ফ্রাংক গেরির এই কাগুজে নাকশাটি কাগজেই থেকে যেত, যদি না প্রাগের প্রেসিডেন্ট তাঁর অনুরাগী না হতেন। বিল্ডিংটির দালানে যে পরিমাণ পরিসর তৈরি করা হয়েছিল, তার সবই ব্যবহারের উপযোগী নয়। শুধু দৃষ্টিনন্দন করার জন্য লাখ লাখ টাকার অপচয় সমালোচকেরা সহ্য করেননি। কিন্তু যেখানে এই নাচুনে বাড়িটি তৈরি হয়েছে, তার পাশেই ছিল খোদ প্রেসিডেন্টের বাড়ি। তিনি নিজে এখানে থেকেছেন বহু বছর। সে কারণে তার পৃষ্ঠপোষকতায় উৎরে গেলেন ফ্র্যাংক গেরি, আর প্রাগও পেল ডিকনস্ট্রাক্টিভ আর্কিটেকচারের এক নমুনা।
প্রাগের উন্মুক্ত ভাস্কর্যিক প্রদর্শনশালায় এই দালানটিও এক আধুনিক সংযোজন।