নাচে গানে কবিতায় অনন্য
‘মন মেলে শোন শুনতে পাবি বিজয়ের আহ্বান, গণিতের ধ্বনিতে বাজে মুক্তির জয় গান।’ খুদে গণিতবিদদের পদচারণে সেন্ট যোসেফ স্কুলের মাঠ মুখর হয়ে উঠেছিল। তাদের উপস্থিতিতে প্রতিবছরের মতো এবারও প্রাণবন্ত হয়েছিল উত্সব প্রাঙ্গণ। ওরা সব পারে, শুধু গণিতই নয়—গান, নাচ, কবিতাতেও পারদর্শী। প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই ঢাকা বন্ধুসভার সদস্যরা গণিতের গান পরিবেশন করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ দেশের বর্ণনাসমৃদ্ধ ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপরূপ রূপসী রূপেতে অনন্য’ গানটি পরিবেশন করে দিনাজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী অয়ন্তিকা রিন্তি বোস। গানের সুর ও মূর্ছনায় ঝংকার তোলে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের অদ্বিতী গোলদারের ‘হাতে ঝানান ঝান পায়ে খানান খান’ গানের সঙ্গে পরিবেশিত নৃত্য। গণিতকে ভালোবেসে নিজের লেখা কবিতা আবৃত্তি করে মাহদী হাসান ও সৌরভ মণ্ডল। বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের শেখ মো. ফয়সাল আহসান তার গানের মাধ্যমে দেশমাতার প্রতি শ্রদ্ধা জানায়। রবীন্দ্রসংগীত গেয়ে সংকোচ, সংকট ও ভয় থেকে দূরে থাকার আহ্বান জানায় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মনিষ ভদ্র এবং নজরুলসংগীত পরিবেশন করে স্মৃতিকাতর করে তোলে ময়মনসিংহের সালিমা ফাতেহীন। বায়ান্নর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষা। তাঁদের স্মরণ করে গান গেয়ে শোনায় শহীদ আনোয়ার গার্লস কলেজের নওশীন তাবাসসুম। সারা দিনের আনন্দ ধরে রাখতেই শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ গানটি গায় জাজিরা কিন্ডারগার্টেনের মোস্তাফিজুর রহমান। এ ছাড়া অনেক পরিবেশনার পর মির্জা মো. তানজীম শরীফের গাওয়া ‘জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই’ গানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উপস্থাপনা ও সার্বিক দায়িত্বে ছিলেন শুভ্রা রায় ও সোহেল মাহমুদ।‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ যে ভাষার ইতিহাস অশ্রুতে লেখা, যে ভাষার জন্য এত রক্ত ঝরল, এত প্রাণ গেল, সেই ভাষা ও মুক্তিযুদ্ধের গান দিয়েই শুরু হয় জাতীয় উত্সবের সমাপনী দিন। ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ ও ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’ গান শোনায় ঢাকা বন্ধুসভার গানের দল। এক ফাঁকে মঞ্চে পরীক্ষা নিয়ে রম্যগান পরিবেশন করে গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার। রুহুল আমিন