
তিনি একচিত্তে কাজ করতে ভালোবাসেন। কাজ শেষ না করা অবধি নাকি ঘুমকে চৌকাঠ পেরোতে দেন না। সব সময় ছিমছাম ও পরিপাটি থাকতে পছন্দ করেন। নাচের শিল্পীদের নাকি এই গুণ থাকতে হয়। তবে দুঃখ তাঁর একটাই—রাগ। না, এটা ধ্রুপদি সংগীতের রাগ নয়! ইচ্ছার কাঁটা উল্টো পথে ঘুরলেই তাঁর রাগ! কাজে লেগে-থাকা স্বভাবের এই মেয়ের নাম তাহমিনা নাসরিন। পরিবার ও বন্ধুদের কাছে ও ন্যান্সি নামে পরিচিত।
নাটকের মঞ্চে অভিনয়ে হোক আর সাংস্কৃতিক অনুষ্ঠানে ধ্রুপদি নৃত্যে হোক, ন্যান্সি আছেন সবখানেই। তিনি বরিশালের পরিচিত মুখ। পড়ালেখা করছেন ইংরেজি সাহিত্যে। স্নাতক চতুর্থ বর্ষে, বরিশাল ব্রজমোহন কলেজে।
নাচের সঙ্গে গাঁট বেঁধেছেন চতুর্থ শ্রেণী থেকে। সাংবাদিক বাবা নাসিমুল আলম থেকেছেন পেশাগত কাজে ব্যস্ত। মা ইয়াসমিন আলম মেয়েকে নিয়ে দিনমান ঘুরেছেন স্কুল থেকে নাচের ক্লাসে। আর মায়ের তাগিদেই নাকি অংশ নিয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায়, যার অনেকগুলোয় জুটেছে স্বীকৃতি। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০০৪-এ হয়েছেন দ্বিতীয় সেরা আর বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা ২০০৬-এ হয়েছেন প্রথম। এ ছাড়া ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্য বিভাগে পেয়েছেন প্রথম পুরস্কার।
এখন ওডিশি নৃত্য শিখছেন বেনজির সালামের কাছে। জাতীয় নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমীর আয়োজনে নাচের ওপর কর্মশালা করেছেন ঢাকায় এসে। শিখতে শিখতেই যেন ন্যান্সি শিক্ষক বনে গেছেন। নটরাজ নামে নাচের স্কুল খুলেছেন। এ ছাড়া খণ্ডকালীন নাচের শিক্ষক হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ শিশু একাডেমী ও উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে। তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত নৃত্যশিল্পী।
বন্ধুদের বাহবা আর নিকটজনদের উৎসাহে ন্যান্সি এই ‘অসামান্য’ প্রতিভাতেই বসবাস করতে চান সারা জীবন!