নাদেলায় নাখোশ নন গেটস

সত্য নাদেলা মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর নয় মাস পার হয়েছে। এর মধ্যে মাইক্রোসফটে বেশ কিছু পরিবর্তন যেমন এনেছেন, তেমনি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তও নিয়েছেন তিনি। স্বভাবতাই প্রশ্ন ওঠে কেমন পারফরম্যান্স তাঁর? এ প্রশ্নের উত্তর ভালো দিতে পারবেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানিয়েছে, নাদেলায় নাখোশ নন গেটস।
যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্লুমবার্গ টেলিভিশনের উপস্থাপক এরিক সাচকার সম্প্রতি বিল গেটসের সাক্ষাৎকার নেওয়ার সময় সত্য নাদেলার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করেন। বিল গেটস জানান, মাইক্রোসফটের প্রধান নির্বাহী হিসেবে নাদেলার দায়িত্ব পালনে তিনি এখন পর্যন্ত খুশি।
মাইক্রোসফটে যোগ দেওয়ার পর থেকে বিতর্কিত বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন নাদেলা। মাইক্রোসফট থেকে ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করছেন তিনি, যা মাইক্রোসফটের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই। এর মধ্যে সদ্য অধিগ্রহণকৃত নকিয়ার অর্ধেক ও মাইক্রোসফটের পাঁচ হাজার কর্মী রয়েছেন। এ ছাড়া মাইক্রোসফটের সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন এনেছেন তিনি।
এভাবে কম সময়ের মধ্যে নাদেলার দ্রুত এগিয়ে যাওয়া প্রসঙ্গে বিল গেটস বলেন, ‘তিনি যা করছেন তাতে আমি খুব খুশি। আমি নতুন ধরনের শক্তি অনুভব করছি। এখানে প্রচুর সম্ভাবনার ক্ষেত্র রয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে মাইক্রোসফট শীর্ষপর্যায়ে নেই। নাদেলা মনে করছেন সেই ক্ষেত্রগুলোকে তাঁর পরিবর্তন করা দরকার।’
বিল গেটস অবশ্য নাদেলার কাছে অন্য আরেকটি বিষয়ে নজর দেওয়ার জন্য বলেছেন। তিনি চান, মাইক্রোসফটের ‘অফিস’ সফটওয়্যারটির দিকে নাদেলা যাতে বেশি নজর দেন। মানুষ যাতে তাঁদের কাজে-কর্মে আরও বেশি উৎপাদনমুখী হতে পারে, তার জন্য মাইক্রোসফটের ব্যবস্থা নিতে হবে। তাঁদের যোগাযোগের পদ্ধতিটাকে আরও আধুনিক ও উন্নত করতে হবে। মাইক্রোসফটের সুযোগ রয়েছে এ ধরনের দীর্ঘ তালিকা রয়েছে, যেগুলোতে উদ্ভাবনী পরিচয় দিতে হবে। এ ক্ষেত্রে অফিসকে আরও উন্নত করার গুরুত্ব তালিকার ওপরের দিকে থাকবে। এ ক্ষেত্রগুলোতে আমি তাদের সাহায্য করছি, যাতে তারা দ্রুত এগিয়ে যেতে পারে।’