নানা আয়োজনে শেষ হলো বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ কোটি ২২ লাখের বেশি মানুষকে ইন্টারনেটের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে শেষ হয়েছে এক সপ্তাহ ধরে চলা বাংলাদেশ ইন্টারনেট উৎসব। এই সপ্তাহ উপলক্ষে ঢাকা, রাজশাহী ও সিলেটে ইন্টারনেট মেলা এবং ৪৮৭টি উপজেলায় উৎসবের আয়োজন করা হয়েছিল। ইন্টারনেট সপ্তাহে অংশ নেয় ই-কমার্স, ওয়েবপোর্টাল, মোবাইল অ্যাপ ও সারা দেশের স্থানীয় মোবাইলভিত্তিক নানা উদ্যোগ। সব উদ্যোগ প্রচার ও প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা এসব সেবা গ্রহণের প্রক্রিয়া সরাসরি দেখতে ও জানতে পারেন।
ইন্টারনেট সপ্তাহে অভাবনীয় সাড়া পাওয়া গেছে বলে জানালেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘ঢাকা, সিলেট ও রাজশাহীর প্রতিটি অনুষ্ঠানে এবং উপজেলা পর্যায়ের বেশ কয়েকটিতে আমি নিজে উপস্থিত থেকেছি। সেখানে আমি দেখেছি তারুণ্যের উচ্ছ্বাস। সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের প্রতি যে আগ্রহ, আমার বিশ্বাস এই আয়োজনের মাধ্যমে তা আরও বেড়ে গেছে। আগামীতে আমরা আরও বড় পরিসরে ইন্টারনেটকে প্রান্তিক জনপদে পৌঁছে দিতে চাই।’
ইন্টারনেট সপ্তাহ সম্পর্কে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান প্রথম আলোকে বলেন, ‘ইন্টারনেট সপ্তাহের লক্ষ্য আমরা অর্জন করতে পেরেছি। ১ কোটি ২২ লাখের বেশি মানুষ এ আয়োজনে যুক্ত হয়েছে।’
ইন্টারনেট সপ্তাহের যুগ্ম আহ্বায়ক আশ্রাফ আবির প্রথম আলোকে বলেন, ‘ইন্টারনেট সপ্তাহ আমাদের একটি বড় সফল্য। তিনটি বিভাগীয় শহরে বড় উৎসব, ৪৮৭টি উপজেলা, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তত ৫০টি সেমিনার, সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন টক-শোর মাধ্যমে এই আয়োজনে সরাসরি সম্পৃক্ত হয়েছে ইন্টারনেট ব্যবহারকারী এবং ব্যবহারে আগ্রহীরা।’
ঢাকার পর সিলেটে তথ্যপ্রযুক্তির নানা সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় শিগগিরই সিলেটে বেসিস এবং বিআইটিএমের শাখা চালু করা হবে বলেও জানান তিনি।
উৎসবের অংশ হিসেবে প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মশালা, সেমিনারের আয়োজন করা হয়। ৫ থেকে ৭ সেপ্টেম্বর রাজধানীর বনানী সোসাইটি মাঠে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহের আয়োজন করা হয়। ঢাকা, রাজশাহী ও সিলেটে বড় উৎসবের পাশাপাশি ৫ থেকে ১১ সেপ্টেম্বর দেশের ৪৮৭টি উপজেলায় এই উৎসব পালন করা হয়। বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহের আয়োজক ছিল আইসিটি বিভাগ, বেসিস ও গ্রামীণফোন।