নানা আয়োজনে চলছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের জন্য প্রয়োজনীয় নানা ধরনের ডিজিটাল-সুবিধার নমুণা নিয়ে ঢাকায় চলছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে তিন দিনের এ মেলা আজ শেষহবে।বৃহস্পতিবার প্রথম দিন উদ্বোধনের পর মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গতকালশুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সারাদিনই মেলায় আগ্রহীদের ভিড় দেয়া গেছে। এ মেলায় প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব স্টলে প্রযুক্তির নানা কার্যক্রম দেখাচ্ছে। কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে কৃষি তথ্যসেবা পাওয়ার পদ্ধতি, মোবাইল ফোনে কৃষিতথ্য প্রদান এবং কৃষকদের সঙ্গে সরাসরি ভিডিও সম্মেলনের মাধ্যমে কৃষি সমাধানের বিভিন্ন বিষয় তুলে ধরেছে। মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় প্রতিটি জেলা মত্স্য তথ্যকেন্দ্র থেকে মোবাইল ফোনে সমস্যার সমাধান, যোগাযোগ মন্ত্রণালয় মোবাইল ফোনে রেলগাড়ির টিকিট কেনা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফরম ইন্টারনেট থেকে নামানো (ডাউনলোড), প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিজিটাল পদ্ধতিতে আবহাওয়ার খবর, ডিজিটাল মানচিত্র, অর্থ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রয়োজনীয় নানা তথ্য, নির্বাচন কমিশন ডিজিটাল পদ্ধতিতে ভোটিং ব্যবস্থা পদ্ধতি দেখাচ্ছে। এ ছাড়া বিভিন্ন নিরাপত্তা বাহিনী তাদের প্রযুক্তিগত নিরাপত্তার বিষয়, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেশনের (এএমটিওবি) সদস্যরা তাদের নানা সেবার বিষয়গুলো তুলে ধরছে। মেরিন একাডেমি দেখাচ্ছে দূরশীক্ষণের নানা বিষয়। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের স্টলেপ্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ইন্টারনেট ও টেলিফোনের মাধ্যমে ভোট দেওয়া যাচ্ছে। মেলায় ঘুরতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুসরাত ইমরোজ জানান, সরকারি নানা কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ার ব্যাপারগুলো দেখে ভালো লাগছে। এতে করে সাধারণ মানুষ সহজে সরকারি সেবা কার্যক্রমগুলো পাবে। পুরো মেলায় অংশগ্রহণকারী সরকারি ৫৭টি এবং বেসরকারি ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ভোটের মাধ্যমে সেরা অংশগ্রহণকারী নির্বাচিত করার বিশেষ ব্যবস্থা রেখেছে মেলার আয়োজন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। এ ছাড়া মেলায় বাংলা ক্যালকুলেটর, ইন্টারনেট রেডিওসহ বিভিন্ন গণমাধ্যম নিজেদের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করছে এবং প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে নানা বিষয়ের ওপর সেমিনার। মেলায় নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য চারটি বিভাগের সেরাদের পুরস্কার দেওয়া হবে। মেলায় প্রবেশ করতে কোনো টিকিট লাগবে না। আজ শেষ দিনেও মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার পুরো কার্যক্রম সরাসরি দেখা যাবে www.bangladesh.gov.bd, www.digitalinnovationfair.info ঠিকানার ওয়েবসাইটে।—নুরুন্নবী চৌধুরী