নানা আয়োজনে চলছে সিটি আইটি মেলা

‘বিশ্বকাপের খেলা-প্রযুক্তির মেলা’ স্লোগানে বিসিএস কম্পিউটার সিটিতে নানা আয়োজনে চলছে ‘সিটি আইটি মেলা ২০১৪’। রোববার সাপ্তাহিক ছুটি থাকলেও আজ মেলা উপলক্ষে খোলা থাকছে বিসিএস কম্পিউটার সিটি।
মেলায় প্রতিদিনই নতুন নতুন বিভিন্ন পণ্যে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়। পণ্যের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব উপহার। বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক এ মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত।
মেলায় বিভিন্ন পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের সমাহার ছাড়াও রয়েছে বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানের সুসজ্জিত প্যাভিলিয়ন।
মেলায় ড্রীমল্যান্ড কম্পিউটার দিচ্ছে ১৪ হাজার ৭০০ টাকায় পিসি, সঙ্গে উপহার হিসেবে থাকছে হেড ফোন। এ ছাড়া অন্যান্য পিসির সঙ্গে উপহার হিসেবে পাওয়া যাবে অ্যান্টি ভাইরাস। স্পিড টেকনোলজি দিচ্ছে ইডিফোয়া স্পিকারের সঙ্গে পাঁচ শতাংশ এবং ই-স্ক্যান অ্যান্টিভাইরাসের সঙ্গে ২৫ শতাংশ ছাড়। সঙ্গে থাকছে বিশেষ উপহার। ক্যানন পণ্যের পরিবেশক জে.এ.এন অ্যাসোসিয়েটস প্রিন্টারে দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। ক্যানন পিক্সমা এমজি৩১৭০ ইংকজেট মাল্টি-ফাংশান প্রিন্টার পাওয়া যাবে ৮ হাজার টাকায় এবং ক্যানন পিক্সমা ই-৫১০ ইংকজেট অল-ইন-ওয়ান প্রিন্টার পাওয়া যাবে ৯ হাজার টাকায়।
এ ছাড়া ক্যানন এলবিপি ৬২০০ডি লেজার প্রিন্টার পাওয়া যাবে ৯ হাজার ৫০০ টাকায়। এ ছাড়াও ক্যানন পিক্সমা ৬১৭০ ইংকজেট মাল্টিফাংশান প্রিন্টার পাওয়া যাবে ১৬ হাজার টাকায়। প্রতিটি প্রিন্টারের সাথে থাকছে একটি ফ্রি টি-শার্ট।
এসার পণ্যের বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস মেলা উপলক্ষে সকল এসার পণ্যেই দিচ্ছে ছয় হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। এর সঙ্গে মেলাতে এসারের যে কোনো নেটবুক, নোটবুক বা ট্যাবলেট পিসি কিনলেই পাওয়া যাবে মাউস, ৮জিবি পেন ড্রাইভ, স্পিকার, প্রিন্টার, ৫০০জিবি পোর্টেবল হার্ড ড্রাইভ, থ্রিজি মডেমসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া প্রতিটি এসার নেটবুক, নোটবুক বা ট্যাবলেট পিসির সঙ্গে থাকছে একটি র্যাফেল ড্র কুপন। মেলা শেষে ড্র-এর মাধ্যমে তিনজন ভাগ্যবান ক্রেতা জিতে নেবেন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও নেপাল এর রিটার্ন এয়ার টিকিট।
মেলায় ঘুরতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সায়মা তাহের জানান, ‘বিসিএস কম্পিউটার সিটির এ কম্পিউটার বাজারে প্রায়ই আসা হয়। তবে মেলায় যেহেতু নানা ধরনের পণ্যে ছাড় এবং উপহার পাওয়া যায় তাই মেলা চলার সময়ে ল্যাপটপ কিনতে এসেছি।’ বন্ধুরা মিলে আরো নানা ধরনের পণ্য ঘুরে ঘুরে দেখছিলেন আরেক দল শিক্ষার্থী। মেলার এমন আয়োজন আর দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিদিনই মেলায় নানা ধরনের পণ্যে যেমন ছাড় দেওয়া হচ্ছে তেমনি উপহারও দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মেলার আহ্বায়ক ও বিসিএস কম্পিউটার সিটির মহাসচিব এ এন এম কামরুজ্জামান। তিনি বলেন, ‘দর্শকদের জন্য এ মেলা। আমরা চাই দর্শকরা মেলায় এসে নানা ধরনের সুবিধার প্রযুক্তিপণ্য যাতে সহজে কিনতে পারেন। পাশাপাশি মেলা উপলক্ষে যে ধরনের নতুন নতুন প্রযুক্তিপণ্য বাজারে এসেছে সেগুলোও দেখতে পারেন।’
মেলায় প্রতিদিনের প্রবেশ টিকিটের উপর থাকছে নানা আকর্ষণীয় পুরস্কার। এতে প্রথম পুরস্কার থাকছে ট্যাবলেট পিসি, দ্বিতীয় পুরস্কার থাকছে ডিজিটাল ক্যামেরা এবং তৃতীয় পুরস্কার থাকছে বিশ্বকাপের টিকিট। এ ছাড়া মেলার শেষ দিনের মেগা পুরস্কার হিসেবে থাকছে মোটর সাইকেল, এল.সি.ডি টিভি, ল্যাপটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, ট্যাবলেট পিসি, প্রিন্টার, ওয়াইফাই রাউটার, বিশ্বকাপের টিকিট, ৮ জিবি পেনড্রাইভ এবং বিশ্বকাপের জার্সি। মেলা শেষের মেগা পুরস্কার পেতে আগত দর্শকদের টিকিট সংরক্ষণের অনুরোধ জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ। মেলায় সকল প্রবেশ টিকিট নিয়ে শেষ দিন মেগা পুরস্কারের র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল প্রবেশ টিকিটের উপর র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। গতকাল প্রথম পুরস্কার পেয়েছে তারেক হোসাইন (৮৫৫৩), দ্বিতীয় পুরস্কার উজ্জ্বল (১৬৭৯২) এবং তৃতীয় পুরস্কার আবুল হাসনাত (৮৮১১)
বিসিএস কম্পিউটার সিটির নিজস্ব আঙিনায় প্রায় ২,০০,০০০ বর্গফুটজুরে চলছে এ প্রদর্শনী। মেলায় প্রতিদিন থাকছে একাধিক আলোচনা অনুষ্ঠান, কম্পিউটার বিষয়ক অনুষ্ঠান, বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ, গুণীজন সংবর্ধনা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচী ইত্যাদি। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। তবে শিক্ষার্থী এবং প্রতিবন্ধীরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।