নানা আয়োজনে জমজমাট আইসিটি মেলা

নানা আয়োজনে জমজমাটভাবে রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) চলছে ডিজিটাল আইসিটি মেলা। ‘ভিশন টু সার্ভ গো উইথ আইসিটি’ স্লোগান সামনে রেখে সপ্তমবারের মতো ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬’ নামের এ মেলার আয়োজন করা হয়েছে। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
প্রতিবারের মতো এবারও মেলায় বিশেষ আকর্ষণে রয়েছে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ মূল্যছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের সমাহার। মেলা উপলক্ষে এবার প্রযুক্তি পণ্যের ওপর আকর্ষণীয় মূল্য ছাড়, টিপি লিংকের রাউটারের সঙ্গে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়, সঙ্গে টি-শার্ট ফ্রি। এক হাজার ৫০ টাকার ই-স্ক্যান অ্যান্টিভাইরাস কিনলে পাচ্ছেন একটি মোবাইল ফ্রি। কম্পিউটার ভিলেজের দোকানে ইন্টেলের অ্যান্টিভাইরাসের সঙ্গে থাকছে একটি মগ ও মূল্যছাড়।
কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ছয় শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। মেলা চলাকালে প্রতিদিন র্যাফেল-ড্রর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের সঙ্গে জিতে নিতে পারেন ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন, টি-শার্টসহ নানা ধরনের পুরস্কার। দোতলায় মেলায় এন্ট্রিপাশের সঙ্গে ফ্রি মুভি দেখার ব্যবস্থা করা হয়েছে। ফ্রি ইন্টারনেট, ওয়াই-ফাই ও গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব, আধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনীসহ নানা আয়োজনে মেতে উঠেছে এই ডিজিটাল আইসিটি মেলা।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। মেলার শেষ দিন তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য দেওয়া হবে গুণীজন সংবর্ধনা।
কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহসান প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিতে আমাদের এই মেলার আয়োজন। আমাদের এই মেলার শেষ দিন বিকেল তিনটায় যাঁরা আইসিটি খাতে অবদান রেখেছেন তাঁদের ২১ জনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হবে। প্রতিবছরের মতো এবারের মেলায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের। তাই তাদের মেলায় প্রবেশ ফ্রি করা হয়েছে।’
মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য ১০ টাকা। শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখালে মেলায় প্রবেশ ফ্রি। এবারের মেলার গোল্ড স্পনসর এইচপি, আসুস, স্যামসাং ও লেনোভো। সিলভার স্পনসর লজিটেক এবং এমএসআই। স্পনসর হিসেবে আছে টিপি লিংক, রেপো ও ইসেট।