নানা আয়োজনে শেষ হলো তথ্যপ্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে তথ্যপ্রযুক্তি মেলা। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০’ শীর্ষক এ মেলার শেষ দিনেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। মেলার শেষ মুহূর্তেও বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে বিশেষ ছাড়, সুবিধা আর উপহার। দর্শকেরাও শেষ সময়ে কিনে নিয়েছেন প্রিয় পণ্যটি। গতকাল মেলায় বিসিএসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ: লক্ষ্য ও অর্জন’ বিষয়ে সেমিনার। এতে প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘বাঙালি অসম্ভবকে সম্ভব করতে জানে। একসঙ্গে কাজ করে যেতে পারলে শিগগিরই আমাদের ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য পূর্ণ হবে।’ তিনি বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি পর্যায়ের মানুষের কাছে সেবা পৌঁছানো হবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের (আইসিটি) পরামর্শক মুনির হাসান। তিনি ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োজনীয় নানা বিষয়সহ বর্তমান অবস্থাসহ বিভিন্ন সফলতার কথা তুলে ধরেন।সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মাহবুব জামান, ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক টি আই এম নূরুল কবির, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সদস্য সুমন আহমেদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার। বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বর্তমানে একটি সম্ভাবনার বিষয়, যা বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ। ডিজিটাল বাংলাদেশ লক্ষ্যকে সামনে রেখে সারা দেশের জেলা পর্যায়ে প্রযুক্তিসেবা পৌঁছানোর কাজ চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে ইউনিয়ন পরিষদে তৈরি করা হয়েছে ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার। যার মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নানা সেবা পাওয়া যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এখনই ঠিক করা উচিত। ভিওআইপি উন্মুক্ত করাসহ দ্বিতীয় সাবমেরিন কেব্লটি যত দ্রুত সম্ভব তৈরি করা উচিত বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি তৃতীয় প্রজন্মের প্রযুক্তি (থ্রিজি) সুবিধা দ্রুত চালুর ওপরও জোর দেওয়া হয়। বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় ‘তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধীদের সম্পৃক্তকরণ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আরেকটি সেমিনার। এতে মূল প্রবন্ধ পাঠ করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা সুলতানা। তিনি প্রতিবন্ধীদের সমস্যা এবং বিভিন্ন কাজের ক্ষেত্রের দিকগুলো তুলে ধরেন। সেমিনারে বক্তব্য দেন বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্কের (বি-স্ক্যান) প্রধান উপদেষ্টা অধ্যাপক শুভাগত চৌধুরী, বি-স্ক্যানের সহযোগী প্রশাসক সালমা জাহান। বক্তারা তথ্যপ্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধীদের কর্মক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধীদের সহায়তার কথা বলেন। গতকাল মেলা শেষ হলেও আজ সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। —নুরুন্নবী চৌধুরী