নানা আয়োজনে ৬ ডিসেম্বর থেকে ডিজিটাল ওয়ার্ল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তিবিদ ও তাঁদের ব্যবহূত প্রযুক্তিগুলোর সঙ্গে যোগসূত্র স্থাপন করা গেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্ষেত্রে বাংলাদেশের অর্জন আরও বাড়বে। আর এ ব্যাপারে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২-এর মতো বড় আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ আয়োজনের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে জানানো হয়, এখন থেকে প্রতিবছর ডিজিটাল ওয়ার্ল্ড নামের তথ্যপ্রযুক্তি মেলার আয়োজন করবে সরকার। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬ থেকে ৮ ডিসেম্বর হবে এই ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২। সংবাদ সম্মেলনে আইসিটিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, ‘প্রান্তিক মানুষের তথ্যপ্রযুক্তিসেবা পেতে ই-সেবা, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব চালু করা হয়েছে। ই-এশিয়ার পর ডিজিটাল ওয়ার্ল্ডের মতো বড় আয়োজন বাংলাদেশেকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নেবে।’ সম্মেলনে আইসিটির সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘এশিয়ার দেশগুলোতে ই-এশিয়ার আয়োজনটি অনেক আলোচিত হয়েছে। এশিয়ার গণ্ডি ছাড়িয়ে পুরো বিশ্বকে জানান দেবার আয়োজন এবারের ডিজিটাল ওয়ার্ল্ড।’এ সময় উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র এন বিশ্বাস, ডিজিটাল ওয়ার্ল্ডের জ্যেষ্ঠ পরামর্শক মুনির হাসান, নীতিমালা পরামর্শক আনীর চৌধুরীসহ অনেকে। ডিজিটাল ওয়ার্ল্ড নামের এই প্রদর্শনীর আয়োজন করেছে আইসিটি মন্ত্রণালয়, বিসিসি ও এটুআই প্রকল্প। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ দেশের বিভিন্ন ধরনের আইসিটি কর্মকাণ্ড তুলে ধরা হবে। প্রদর্শনীতে সরকারের ২৮টি মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন তথ্যপ্রযুক্তিসেবা দেখানো হবে। ৬০টি বেসরকারি প্রতিষ্ঠানও আছে মেলায়। এ মেলায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও তথ্যপ্রযুক্তিবিদেরা অংশ নেবেন। সম্মেলনে জানানো হয়, এই মেলায় বিশেষ আয়োজন হিসেবে থাকবে শিশুদের ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল উদ্যোক্তা সমাবেশ, ফ্রিল্যান্সার সম্মেলন। এ ছাড়া প্রযুক্তির মাধ্যমে আনন্দদায়ক শিক্ষা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিকরণে প্রযুক্তি প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। থাকছে ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি নিয়ে বিশেষ আয়োজন। অভিজ্ঞতা বিনিময়স্থলে পাওয়া যাবে দেশীয় রোবট ও সফটওয়্যার, থ্রিজি প্রযুক্তি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেখার সুযোগ। ডিজিটাল ওয়ার্ল্ডে বিনা মূল্যে প্রবেশ করা যাবে। —জিয়াউর রহমান চৌধুরী