নানা কর্মসূচিতে চলছে ইউরোপ-বাংলাদেশ প্রযুক্তি সম্মেলন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), অগ্রণী ব্যাংক লিমিটেড ও গ্রামীণফোনের সহযোগিতায় শুরু হয়েছে ‘ইউরোপ-বাংলাদেশ প্রযুক্তি সম্মেলন ২০১৪’। গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বেসিস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামী পাঁচ বছরে ১০০ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে।এ লক্ষ্যমাত্রা অর্জন করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপে বাংলাদেশের প্রযুক্তি খাতকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বেসিস। দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে ইউরোপের প্রযুক্তি ব্যবসায়ীদের উৎসাহিত করতে এ ধরনের সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্মেলনে ডেনমার্কের রাষ্ট্রদূত হানে ফুগল এস্কজায়ের বলেন, ডেনমার্ক বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে বেসিসের সঙ্গে কাজ করছে।
সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ, ঢাকায় নেদারল্যান্ডসের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হেনরিক ভ্যান উইক, সিবিআই নেদারল্যান্ডসের উপব্যবস্থাপনা পরিচালক ডিক ডি ম্যান, ইউরোপ-বাংলাদেশ প্রযুক্তি সম্মেলন ২০১৪-এর আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর এবং ইনোভেশন নরওয়ের প্রতিনিধি সাঈদ মুনতাসির।
জার্মানির হ্যানোভারে ১০ থেকে ১৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত সিবিট মেলা থেকেই এ সম্মেলনের শুরু হয়েছে বলে উদ্যোক্তারা জানা।আগামী এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠেয় নেদারল্যান্ডস ও বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে বিটুবি (বিজনেস টু বিজনেস) বৈঠক এ সম্মেলনের অংশ হিসেবে গণ্য হবে। এছাড়া ১৭ ও ১৮ মার্চ ডেনমার্কের কোপেনহেগেনে সেমিনার ও বিটুবি বৈঠক এবং ২০ ও ২১ মার্চ নরওয়ের অসলোতে সেমিনার ও বিটুবি বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে প্রায় ২০টি সফটওয়্যার প্রতিষ্ঠান এসব কর্মসূচিতে সরাসরি অংশ নেবে।—রাহিতুল ইসলাম