ক্ষমতায় আসার প্রায় দুই বছর পার হতে চলেছে বর্তমান সরকারের। সরকারের প্রধান শরিক বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ থাকায় সরকার গঠনের দ্বিতীয় বছরে এসে গত বছর তথ্যপ্রযুক্তি নিয়ে নানা কর্মকাণ্ড চোখে পড়েছে। ২০১০ সালে তথ্যপ্রযুক্তি নানা ধরনের কাজে ছড়িয়ে পড়েছে। গত বছরের শুরুতেই চালু হয়েছে ৬৪ জেলার ওয়েবসাইট। জেলা তথ্য বাতায়ন নামের এ সাইটগুলো তত্ত্বাবধান করে জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিটি ঠিকানাই ডিসি দিয়ে শুরু। তবে এসব সাইটের রক্ষণাবেক্ষণে গলতি লক্ষ করা যায়। মার্চ মাসে এক দিনেই ১৯টি জেলা তথ্য বাতায়ন হ্যাকারদের হাতে বেদখল হয়ে যায়। কিছু জেলা ছাড়া বেশির ভাগ ক্ষেত্রেই ওয়েবসাইটের তথ্য হালনাগাদ হয় না। গত বছরই প্রথমবারের মতো জাতীয় টেক্সট বুক বোর্ডের বই পিডিএফ আকারে অনলাইনে রাখা হয়। ২০০৯ সাল থেকে শুরু হলেও সত্যিকারভাবে যন্ত্রপাঠ্য পাসপোর্ট (মেশিন রিডেবল পাসপোর্ট) চালু হয়েছে গত বছর থেকে। ২০০৯ সালে অনুমতি মিললেও ইলেকট্রনিক অর্থ লেনদেন প্রক্রিয়া শুরু হয় ২০১০ সালে। বছরের মাঝামাঝি সময় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড অনলাইন কেনাকাটার সুবিধা চালু করে। বছরের শেষ দিকে ব্র্যাক ব্যাংকও এ সুবিধা দেয়। তবে সবার জন্য একটি প্রযুক্তি ও আইনগত অবকাঠামো (কমন প্ল্যাটফরম) না থাকায় অনলাইন কেনাকাটা এখনো বিস্তৃতি পায়নি। গত বছর ১৬১০টি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব তৈরি করে সরকার।নভেম্বরে ডিজিটাল সই অনুমোদন করার জন্য ৫টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়। গত ডিসেম্বর মাস থেকে দেশের সব চিনিকলে চাষিদের কাছ থেকে আখ কেনার অনুমতিপত্র অর্থাৎ পুঁর্জিকে ডিজিটাল করা হয়েছে। এখন ই-পুঁর্জি পাওয়া যাবে কয়েক মিনিটের মধ্যেই। নভেম্বর মাসে দেশের প্রতিটি ইউনিয়নে চালু হয়েছে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র। তবে এসব কেন্দ্র থেকে গ্রামীণ মানুষ কতটুকু উপকৃত হবে, তা বলার সময় এখনো আসেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীকে সভাপতি করে গঠিত আইসিটি টাস্কফোর্সের নাম বদলে হয়েছে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স। দেড় বছরেরও বেশি সময় পর ২০১০ সালে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় কারওয়ান বাজারে জনতা টাওয়ারে আইটিপার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর টাস্কফোর্সের আর কোনো সভা হয়নি। এদিকে কালিয়াকৈরের হাইটেক পার্কের কার্যক্রম শুরু হয়েছে গত বছর। অবকাঠামো তৈরির পর শুরু হয়েছে বিনিয়োগকারী জোগাড়ের চেষ্টা। দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা গত বছরও বেড়েছে। বিটিআরসির হিসাব অনুযায়ী নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটি ৬৬ লাখ ২১ হাজার।তবে সে তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখনো অনেক কম, সব মিলিয়ে মাত্র ৫০ লাখের কিছু বেশি। এর কারণ ইন্টারনেট সংযোগের উচ্চমূল্য। গত বছরও বিকল্প সাবমেরিন কেব্ল চালু হয়নি। ফলে সাগরের নিচে বা চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকার সংযোগের কোথাও তার কাটা পড়লে বাংলাদেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকে। বিভিন্ন কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে বা এ প্রযুক্তি সব জায়গায় ছড়িয়ে দিতে ইন্টারনেটের মূল্য যেমন কমাতে হবে, তেমনি এর উচ্চগতি ও নিরবচ্ছিন্নতা বজায় রাখতে হবে।