‘নানা দেশে মুঠোফোন গ্রাহকের কল রেকর্ড হাতিয়ে নিয়েছে একদল হ্যাকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের নানা দেশে মুঠোফোন গ্রাহকদের কল রেকর্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে
রয়টার্স

বিশ্বের নানা দেশের মুঠোফোন নেটওয়ার্কে অনৈতিকভাবে ঢুকে গ্রাহকদের কল রেকর্ড এবং এসএমএসের তালিকা হাতিয়ে নিয়েছে একদল হ্যাকার। মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক আজ মঙ্গলবার জানায়, তথ্য সংগ্রহের জন্য বিশেষায়িত টুল ব্যবহার করেছে হ্যাকার দলটি। তাদের সঙ্গে চীনের সম্পর্ক থাকতে পারে বলেও জানানো হয়।

হ্যাকার দলটির নাম উল্লেখ করা হয় ‘লাইটবেসিন’। ক্রাউডস্ট্রাইকের তথ্য অনুযায়ী, অন্তত ২০১৬ সাল থেকে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে এসে ওই হ্যাকারদের কর্মকাণ্ড শনাক্ত হতে শুরু করে। তাদের ব্যবহার করা টুল সর্বাধুনিক প্রযুক্তির বলেও জানানো হয়।

টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরেই সাইবার হামলা কিংবা হামলার চেষ্টা চালিয়ে আসছিল রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা। এর আগে চীন, রাশিয়া, ইরানসহ আরও অনেক দেশ থেকে এ ধরনের হামলার নজির রয়েছে। যুক্তরাষ্ট্রও মুঠোফোন গ্রাহকদের কল রেকর্ড পাওয়ার চেষ্টা চালিয়েছে।

একজন মুঠোফোন গ্রাহক কোন নম্বরে কতবার কল করেছেন এবং কতক্ষণ ধরে কথা বলেছেন, সে তথ্য থাকে কল রেকর্ডে।

ক্রাউডস্ট্রাইকের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মায়ার্স বলেছেন, তাঁর প্রতিষ্ঠান বিভিন্ন দেশে ঘটা নানা সাইবার হামলার ঘটনা থেকে এই তথ্য সংগ্রহ করেছে। তবে সে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি। হামলার কারিগরি বর্ণনা প্রকাশ করে আর কোথাও এ ধরনের হামলা হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে অন্য প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানায় ক্রাউডস্ট্রাইক।

টুলটি বিনা বাধায় সুনির্দিষ্ট তথ্য বের করে আনতে পারে উল্লেখ করে মায়ার্স রয়টার্সকে বলেছেন, ‘আমি আগে কখনো এ ধরনের সুনির্দিষ্ট কাজের জন্য তৈরি টুলের ব্যবহার দেখিনি।’

মায়ার্স আরও বলেছেন, সাইবার হামলা চালাতে চীন সরকার সরাসরি নির্দেশ দিয়েছে, এমন অভিযোগ করছেন না তাঁর কর্মীরা। তবে হামলাগুলোর সঙ্গে চীনের সম্পৃক্ততা রয়েছে। এর মধ্যে চীনা ভাষায় ব্যবহৃত অক্ষরগুলোর ফোনেটিক সংস্করণনির্ভর ক্রিপ্টোগ্রাফির ব্যবহার পাওয়া গেছে। আবার কৌশলও চীন সরকারের আগের হামলাগুলোর সঙ্গে মিলে যায়।

যুক্তরাষ্ট্রের সাইবার এবং অবকাঠামো নিরাপত্তা এজেন্সির কাছে জানতে চাইলে সংস্থাটি বলেছে তারা ক্রাউডস্ট্রাইকের প্রতিবেদন সম্পর্কে জেনেছে এবং মার্কিন মুঠোফোন সেবাদাতাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।

মুখপাত্রের মাধ্যমে সংস্থার এক কর্মকর্তা বলেছেন, ছোট কিংবা বড় প্রতিষ্ঠানগুলো যে চলমান সাইবার নিরাপত্তাঝুঁকির সম্মুখীন হচ্ছে এবং এ জন্য সম্মিলিত উদ্যোগের প্রয়োজন, প্রতিবেদনটি সেটারই প্রতিফলন। সাধারণ পদক্ষেপগুলো হবে বহুস্তরবিশিষ্ট (মাল্টিফ্যাক্টর) নিরাপত্তাব্যবস্থার ব্যবহার, ত্রুটি সারানো, সফটওয়্যার হালনাগাদ করা, ঝুঁকি শনাক্তকরণ ব্যবস্থার প্রয়োগ এবং ঘটনা বুঝে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা থাকতে হবে।