নানা দেশের মিষ্টান্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালুয়াকে তো এখন আমাদের দেশি মিষ্টান্নই বলা যায়। স্বাদ বদলের জন্য এবার অন্যান্য দেশের ঐতিহ্যবাহী মিষ্টিও বানাতে পারেন। একটু অপরিচিত মনে হলেও প্রণালিটা কিন্তু সহজই। রেসিপি দিয়েছেন হোটেল ঢাকা রিজেন্সির খাদ্য ও পানীয় বিভাগের প্রধান এ টি এম আহমেদ হোসেন।

কামাল পাশা
কামাল পাশা

কামাল পাশা
উপকরণ: পানি ২ কাপ, চিনি ২ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, ময়দা ২ কাপ, ডিম ২টি, মাখন বা মার্জারিন এক কাপের তিন ভাগের এক ভাগ, বেকিং সোডা এক চিমটি, পনির ১ কাপ।
প্রণালি: পানি ফুটিয়ে তাতে চিনি ও লেবুর রস মেশান। ঠান্ডা করে রাখুন। বাকি সব উপকরণ মিশিয়ে ছোট ছোট বল বানিয়ে রাখুন। মাখন ব্রাশ করা প্যানে বলগুলো ছড়িয়ে রাখুন। ১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপে বলগুলো বেক করুন। সোনালি রং হবে। চিনির সিরাপে বলগুলো ডুবিয়ে প্রায় ১৫ মিনিট রাখুন। ঠান্ডা করে পরিবেশন করুন।

বাকলাভা
বাকলাভা

বাকলাভা
উপকরণ: নানারকম বাদাম কুচি এক পাউন্ড, দারুচিনি গুঁড়া ১ চা-চামচ, ১ প্যাকেট ফিলো বা পেস্ট্রি ডো (সুপারশপে কিনতে পাবেন অথবা ময়দা, সামান্য লবণ, পানি ও জলপাই তেল দিয়ে বানিয়েও নিতে পারেন), মাখন ১ কাপ, চিনি ১ কাপ, পানি ১ কাপ, মধু আধা কাপ, ভ্যানিলা ১ চা-চামচ, লেবুর খোসা কুচি ১ চা-চামচ।
প্রণালি: ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপে ওভেন প্রিহিট করুন। ৯ বাই ১৩ ইঞ্চি আকারের বেকিং ডিশে মাখন ব্রাশ করে রাখুন। ডিশে দারুচিনি গুঁড়া এবং বাদাম ছড়িয়ে দিন। পেস্ট্রি শিট বেকিং ডিশে সাজানোর জন্য প্রয়োজন হলে কেটে নিন। বাকি শিটগুলো ভেজা কাপড়ে জড়িয়ে রাখুন, যাতে শুকিয়ে না যায়।
ডিশে দুটি শিট রাখুন। মাখন ব্রাশ করুন। এর ওপর দুই-তিন টেবিল চামচ বাদাম ছড়িয়ে দিন। এর ওপর আবার দুটি শিট দিয়ে বাদাম দিন। এভাবে সব উপকরণ শেষ না হওয়া পর্যন্ত কয়েক স্তরে সাজান। এবার ছুরি দিয়ে বরফির আকারে ডিশের ওপর থেকে নিচ পর্যন্ত বাকলাভা কেটে রাখুন। এই অবস্থায় বেক করুন ৫০ মিনিট।
এই সময়ে সসপ্যানে পানি ও চিনি মেশান। ফুটে উঠলে মধু, ভ্যানিলা এবং লেবুর খোসা কুচি দিন। বিশ মিনিট

চুলায় আঁচে রাখুন। বাকলাভা বের করে সঙ্গে সঙ্গে এই সিরাপ ছড়িয়ে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

আমন্ড বাসবুসা
আমন্ড বাসবুসা

আমন্ড বাসবুসা
উপকরণ: ১ কাপ মাখন গলানো, ১ টিন কনডেন্সড মিল্ক, দেড় চা-চামচ বেকিং পাউডার, ২ কাপ সুজি, ১ কাপ আমন্ড বাদাম গুঁড়া, ১ কাপ পানি।
সিরাপের জন্য: ২ কাপ চিনি, দেড় কাপ পানি, ১ চা-চামচ লেবুর রস, ১ টেবিল চামচ গোলাপজল ও ২ টেবিল চামচ আমন্ড বাদাম গুঁড়া।
প্রণালি: মাখন, কনডেন্সড মিল্ক ও বেকিং পাউডার মিশিয়ে নিন। এতে সুজি, বাদাম গুঁড়া ও পানি মিশিয়ে নাড়তে থাকুন। মিশে গেলে এই মিশ্রণটি ২৮ সেন্টিমিটার বাই ২৪ সেন্টিমিটার আকারের বেকিং পাত্রে ঢেলে দিন। ১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপে প্রিহিট করা ওভেনে ৩৫ মিনিট বেক করুন। ওপরের অংশ সোনালি হয়ে আসবে।
বের করে ওপরে ঠান্ডা সিরাপ ঢেলে দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করুন। বরফি আকারে কেটে পরিবেশন করুন।
সিরাপ তৈরি: সসপ্যানে পানি ও চিনি মেশান। ফুটে উঠলে ছয়-সাত মিনিট রেখে দিন চুলায়। নামিয়ে লেবুর রস, গোলাপজল ও বাদাম গুঁড়া মেশান। হয়ে গেল সিরাপ।

বাদাম কুনাফা
বাদাম কুনাফা

বাদাম কুনাফা
উপকরণ: লাচ্ছা সেমাই আধা কেজি, মাখন আটটি কিউব, নানা রকম বাদাম কুচি ২ কাপ, চিনি দেড় কাপ, পানি ১ কাপ, লেবু অর্ধেক।
সিরাপের জন্য: গভীর পাত্রে দেড় কাপ পানি এবং দেড় কাপ চিনি নিয়ে চুলায় নাড়ুন। মিনিট দশেক নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে আসবে। অর্ধেকটা লেবুর রস চিপে দিন এতে, দুই মিনিট নাড়ুন। চাইলে এক টেবিল চামচ গোলাপজল দিতে পারেন।
প্রণালি: ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপে ওভেন প্রিহিট করুন। বড় বাটিতে লাচ্ছা সেমাই ঢেলে হাত দিয়ে ছোট করে ভেঙে নিন। বড় দানা থাকলে তা ফেলে দিন। মাখন গলিয়ে সেমাইয়ের ওপর ঢেলে দিন। হাত দিয়ে মিশিয়ে নিন। গোল পাত্রের চার ধারে ও নিচে মাখন ব্রাশ করে নিন। অর্ধেক সেমাই পাত্রে ঢালুন। হাত দিয়ে চেপে মসৃণ করে নিন৷
সেমাইয়ের ওপরে বাদাম ছড়িয়ে দিন। তার ওপর বাকি সেমাই দিয়ে দিন। হাত দিয়ে মসৃণ করুন। এবার ৩৫ মিনিট বেক করুন। ওপরের অংশ সোনালি হয়ে আসবে। এবার নামিয়ে গ্রিলে দিন। এতে নিচের অংশও মচমচে সোনালি হয়ে যাবে। মিনিট পাঁচেক গ্রিলে রাখুন। কুনাফা বের করে এর ওপর সিরাপ ছড়িয়ে দিন। ঠান্ডা করে পরিবেশন করুন।