নানা রঙে রাঙা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা মল্লিকা পণ্ডিত। মায়ের উৎসাহে আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণ করে। আঞ্চলিক পর্বের বাধা ডিঙিয়ে প্রথমবারের মতো জাতীয় গণিত উৎসবে আসা তার, এ জন্য বেশ উৎফুল্লই ছিল সে। কী হয় জাতীয় গণিত উৎসবের দুই দিনে? বাংলাদেশের কোনো পরীক্ষা দুই দিনব্যাপী হয় নাকি—এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তার মাথায়। সকালের সূর্য তখনো চোখ মেলে তাকায়নি, এরই মধ্যে প্রভা গণিত উৎসবের মাঠে হাজির। উদ্বোধনের আগেই সে সেরে নিল রেজিস্ট্রেশন, বুঝে নিল তার পরীক্ষার রোল নম্বর। মাঠের এক কোণে দাঁড়িয়েছিল ময়মনসিংহ থেকে আসা আরেক শিক্ষার্থীর সঙ্গে। সেখানে ধরলাম তাকে, প্রথমবারের মতো আসতে পারার অভিজ্ঞতা জানতে চাইলাম। প্রভার মুখে কথার খই ফুটতে শুরু করল। অল্পতেই হাঁফিয়ে উঠল আমার কলম।সূর্যটা যেই চোখ মেলতে শুরু করল, মাঠে আসতে শুরু করল সেলিব্রিটিরা! কে সেলিব্রিটি, জিজ্ঞেস করতেই প্রভা দিল ছুট প্রথম বাংলাদেশি এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের দিকে। সেখানকার জরুরি কাজ ফটোগ্রাফ আর অটোগ্রাফ শেষ করে দৌড়াল কথাসাহিত্যিক আনিসুল হকের দিকে। এরপর প্রভা কই? খুঁজেই পাওয়া গেল না। মিশে গেল গণিতবিদদের ভিড়ে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরীক্ষা দিতে চলে যায় প্রভা। রুম খুঁজে চলে গেলাম প্রভার কাছে। না, বেশ ঠান্ডা মাথাতেই অঙ্ক কষছিল সে। এই প্রথম সে আমাকে দেখে দৌড় দেয়নি!অলিম্পিয়াড শেষে দেখা গেল মাঠের এক কোণে এক হাতে অটোগ্রাফ বই আর আরেক হাতে জুসের প্যাকেট নিয়ে হাঁফাচ্ছে প্রভা। সেখানেই জিজ্ঞাসা করলাম, এ রকম অস্থির কেন সে? কে শোনে কার কথা! ‘আমি এই রকমই’ বলে দিল নুডলস আনতে স্টলের দিকে দৌড়। আবার কথা বলার সুযোগ পেলাম প্রভার সঙ্গে, তবে সে এবার অনেক ব্যস্ত। কারণ, সে ছবি তুলবে মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে। কথা পরে বলতে পারবে কিন্তু ফটোগ্রাফ তো আর পরে তুলতে পারবে না! জাতীয় গণিত উৎসবের প্রথম দিন একরকম ছটফট করে সময় কাটিয়েছে প্রভা। দ্বিতীয় সকালে মাঠে এসে প্রথমেই সারল বই কেনার কাজ। ‘কোন লেখকের বই কিনলা?’ প্রশ্নের উত্তর শুনেই আক্কেলগুড়ুম হওয়ার মতো অবস্থা। ‘আজকের উৎসবে যেসব বিখ্যাত লেখক আসবেন, তাঁদের সবারই একটা করে কম দামের বই কিনেছি। এবার এই সব কম দামের বইতে সেই সব লেখকের অটোগ্রাফ নিতে হবে। লেখকদের অটোগ্রাফ থাকলে বইয়ের দাম দ্বিগুণ হয়ে যাবে। আর বাড়ি ফিরে বন্ধুদের দেখাতে পারব ঢাকায় এসে দুই দিনে কী কী করলাম। চিড়িয়াখানা, নভোথিয়েটার, সিনেপ্লেক্সে না গিয়ে কী কী করেছি, তা তো দেখাতে হবে বন্ধুদের...।’ কথা শেষ না করেই আবার আগের মতো ভোঁ-দৌড়। স্বীকার না করে পারলাম না, ‘মেয়েটা গণিতবিদ হতে না পারলেও দৌড়বিদ হতে পারবে।’একদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আরেক দিকে প্রভার অটোগ্রাফ শিকার আর ধুমধাম ছবি তোলার ম্যারাথন দৌড়ঝাঁপ। গণিত উৎসবের মাঠ যেন ম্যারাথনের ২৬ মাইল দৌড়ের ট্র্যাক হয়ে উঠেছিল প্রভার কাছে। এই দৌড়ে ক্লান্তি নামের বুড়িটাও যেন হাঁফিয়ে উঠেছিল প্রভার সঙ্গে। এরই মধ্যে মাঠে এসে হাজির বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান ও হাবিবুল বাশার। সবাই যখন ক্রিকেটারদের ছেলেবেলার কথা শুনতে ব্যস্ত, তখন দস্যি প্রভা এসে দাঁড়ায় মঞ্চের পাশে। মুভার্সদের ফাঁকি দিয়ে চলে যায় মঞ্চের কাছে। ‘এখানে কী?’ প্রশ্নের উত্তরে চোখেমুখে করুণ একটা ভাব নিয়ে উত্তর দিল, ‘আর মাত্র একটা অটোগ্রাফ নেব, ক্রিকেটারদের আবার দেখা কবে পাই!’ ক্রিকেটাররা মঞ্চ থেকে নেমে আসতেই প্রভা শুরু করে তার ফটোগ্রাফ আর অটোগ্রাফ নেওয়ার যুদ্ধ। মঞ্চ থেকে যখন মিথ্যা, মাদক, মুখস্থকে ‘না’ বলার প্রত্যয় নেওয়ার ঘোষণা আসে, সঙ্গে সঙ্গে সুবোধ বালিকার মতো বসে যায় চেয়ারে। চিৎকার করে, হাত নাড়িয়ে প্রত্যয় নেয় তিন ‘ম’-এর বিরুদ্ধে। মায়ের কথা তো নিয়মিত শুনবেই; আরও প্রতিজ্ঞা নেয়, ‘বড় মা’ বাংলাদেশের জন্য ভালো কিছু করবে। ‘বাংলাদেশের জন্য কী করতে চাও?’ শেষ প্রশ্ন করলাম তাকে। ‘আপাতত দৌড়াদৌড়ি কমিয়ে একটু স্থির হতে চাই।’ এরপর আপনি আর কী জিজ্ঞেস করবেন প্রভাকে? দেখতে দেখতে শুরু হয় ফলাফল ঘোষণা। এই প্রথম দেখা গেল প্রভার মুখে চিন্তার ছায়া। জিজ্ঞেস করতে লোভ সামলাতে পারলাম না, ‘এত অস্থিরতা এখন কই গেল?’ কিসের কী! ‘নাম ঘোষণা করুক আর না করুক, তাতে আমার কোনোই চিন্তা নাই। একটু চিন্তার ভান ধরেছি আরকি। আম্মুকে দেখাতে হবে যে আমি ব্যর্থ হলে মন খারাপও করতে জানি!’ প্রভার চুপি চুপি উত্তরে আর আমার প্রশ্ন করার উৎসাহ উবে গেল আরকি। শেষ পর্যন্ত প্রভার নাম আর ডাকা হয়নি।যশোর থেকে জাতীয় গণিত উৎসবে এসেছে আশরাফ সেহবা তাবিল আর নিশাত তাসনিম। জাতীয় উৎসবে এর আগেও বেশ কয়েকবার এসেছে। ‘অলিম্পিয়াডের প্রশ্নপত্র কেমন হয়েছে’ জিজ্ঞেস করতেই দুজনের হুংকার। তাবিলের জিজ্ঞাসা ছিল, ‘এটা কোনো প্রশ্ন হলো! চার ঘণ্টা পরীক্ষার হলে বসে ছিলাম, মাত্র চারটা প্রশ্নের সমাধান বের করতে করতেই সময় শেষ। গত বছর উত্তর দিয়েছিলাম ছয়টি প্রশ্নের। এবার কমে দাঁড়িয়েছে চারটি।’ তাবিলের উত্তেজিত বক্তব্যের সঙ্গে কেন জানি একাত্মতা প্রকাশ করল না নিশাত। একটু দেরিতে কী জানি ভেবে উত্তর দিল সে, ‘তাবিলের মতো আনুপাতিক হারে কমতে থাকলে আমি তো আগামীবার নাই।’ মানে কী? আগামী বছর কি আর জাতীয় গণিত উৎসবে আসতে চাও না? জিজ্ঞাসায় নিশাতের উত্তর, ‘গতবার আমি উত্তর দিয়েছিলাম পাঁচটা প্রশ্নের, এবার দিলাম তিনটা! আগামীবার যদি আসি, তাহলে তো আমি একটা প্রশ্নের উত্তরও দিতে পারব না!’ চরম উত্তেজিত হয়ে দাবি জানাল, ‘হয় পরীক্ষার সময় বাড়াতে হবে, নইলে প্রশ্ন কমাতে হবে।’ দ্বিতীয় দিন আবারও দেখা হয়ে গেল দুজনের সঙ্গে। রাতে মনে হয় ফলাফলের টেনশনে ভালো ঘুম হয়নি। জিজ্ঞেস করলাম, ‘ফলাফল কী হতে পারে?’ নিশাতের পাল্টা প্রশ্ন, ‘মুহম্মদ জাফর ইকবাল কখন আসবেন?’ আমিও উত্তর দিলাম, ‘জাফর স্যারকে অভিযোগ জানাবে নাকি?’ এবার তাবিলের উত্তর, ‘নতুন বই কিনলাম বেশ কটি। স্যারের অটোগ্রাফ নিতে হবে।’ শেষে আরেকটি লাইন যোগ করে দিল, ‘যারা প্রশ্ন করেছে, তাদের আগামীবার আরও কঠিন প্রশ্ন করতে বলবেন। এবার ফলাফল কী হবে, তা নিয়ে চিন্তা করছি না, আগামীবার প্রশ্নকর্তাদের কী হবে, তা নিয়ে ভাবছি।’ এ রকম প্রতিবিপ্লবী কথা তো ভয়ংকর, জয়ের জন্য তো এরা বিশাল হিমালয়কে পর্যন্ত চোখ বন্ধ করে পরাস্ত করতে পারে। সত্যিই দেখলাম, ফলাফল ঘোষণার সময় তৃষা-তাবিলের চোখেমুখে ছিল না কোনো অপ্রাপ্তির চিহ্ন। স্বপ্ন শুধু ভবিষ্যৎকে জয় করার। নেশা শুধু বাধা-প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে যাওয়ার। পরীক্ষায় বিজয়ী হিসেবে মাইকে নাম ঘোষণা যেখানে সার্থকতা নয়, সেখানে প্রভা-তৃষা-তাবিলদের কি মুখ ভারী করা সাজে। এই মঞ্চ তো গণিতের মঞ্চ, উৎসবের মঞ্চ—এখানে গণিতরঙে রাঙানোটাই প্রভা-তৃষা-তাবিলদের মতো খুদে গণিতবিদদের সফলতা।