নানামুখী উদ্যোগের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে নানামুখী উদ্যোগ চোখে পড়েছে ২০১১ সালে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ’ থাকায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) উদ্যোগ সারা বছরই দেখা গেছে। সবচেয়ে উল্লেখ করার মতো ঘটনা হিসেবে বলা যায় আইসিটি মন্ত্রণালয় গঠন। বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রণালয়ের মধ্যে গত বছর প্রথমে আইসিটিকে আলাদা বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। বছরের শেষ দিকে মন্ত্রিসভায় রদবদলের সময় নতুন আইসিটি মন্ত্রণালয় গঠন করে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রী হিসেবে এর দায়িত্ব দেওয়া হয়। তবে আইসিটির অন্যতম প্রধান অংশ টেলিযোগাযোগকে এখনো এ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করা হয়নি। নবগঠিত আইসিটি মন্ত্রণালয় এখনো উল্লেখ করার মতো কাজ করেনি।ই-এশিয়া নামে এশিয়ার অন্যতম বড় আয়োজন বাংলাদেশে হয়েছে গত বছরের ডিসেম্বর মাসের শুরুতে। দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও পেশাজীবীরা এতে অংশ নেন। পাশাপাশি দেশের সরকারি নানা উদ্যোগ দেখানো হয় তিন দিনের ই-এশিয়া আয়োজনে।গত বছর বাংলাদেশ সফরের সময় জাতিসংঘের মহাসচিব বান কি মুন সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের সব জেলায় ই-সেবাকেন্দ্র উদ্বোধন করেন। এসব সেবাকেন্দ্র থেকে সরকারি বিভিন্ন সেবা জনগণ সহজেই পাবেন। ২০১০ সালের নভেম্বরে দেশের চার হাজার ৫০১টি ইউনিয়ন পরিষদে যে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) স্থাপন করা হয়েছে, তার বেশির ভাগই অকার্যকর অবস্থায় পড়ে আছে। এসব কেন্দ্র থেকে একদিকে জনগণ যেমন সেবা নিচ্ছে না, তেমনি প্রত্যাশা অনুযায়ী আয় না হওয়ায় এসবের পরিচালকেরাও (একজন নারী ও একজন পুরুষ) আগ্রহ হারিয়ে ফেলেছেন। তবে সফল কয়েকটি ইউআইএসসির পরিচালকদের পুরস্কার দেওয়া হয়েছে। গত বছরও দ্বিতীয় সাবমেরিন ফাইবার অপটিক কেব্ল নেটওয়ার্কে যুক্ত হয়নি বাংলাদেশ। বর্তমানের একটি নেটওয়ার্ক দিয়ে ইন্টারনেটে ও আন্তর্জাতিক টেলিযোগাযোগের কাজ চালাতে হচ্ছে। তথ্যপ্রযুক্তির প্রতি তরুণদের আগ্রহ ব্যাপক হারে বেড়েছে গত বছর। এই আগ্রহ শুধু তথ্যপ্রযুক্তির ব্যবহারে নয়, এর মাধ্যমে নতুন ধরনের পেশার সৃষ্টি হচ্ছে, যা ভবিষ্যতের জন্য এক আশার কথা।