নান্দাইলে অভিযোগ জানানোর ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কার্যালয়ে সশরীরে উপস্থিত না হয়েও কোনো বিষয়ে অভিযোগ জানানোর সুবিধা নিয়ে একটি ওয়েবসাইট চালু করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদিন খান www.ucmis.org ঠিকানার এই ওয়েবসাইটটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মালেক চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ শাহানুর আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

ওয়েবসাইট সম্পর্কে মোহাম্মাদ শাহানুর আলম বলেন, প্রায় প্রত্যেকের হাতে মুঠোফোন রয়েছে। শহর ও গ্রামের হাটবাজারে রয়েছে তথ্যপ্রযুক্তি সেবা প্রদান কেন্দ্র। এসব কেন্দ্রে গিয়ে সহজেই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে অভিযোগ লিখে পাঠানো যাবে। এ ছাড়া ০১৭০৮৭৮১৮৯০ নম্বরে খুদে বার্তা পাঠিয়েও অভিযোগ জানানো যাবে। অভিযোগ প্রেরণের পর প্রেরক তাঁর মুঠোফোনে একটি বার্তা পাবেন। ওই বার্তায় কখন অভিযোগটি তদন্ত করা হবে তা জানিয়ে দেওয়া হবে। এর বাইরেও [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।