নাবিলার ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী নাবিলা তাসনীম খান
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী নাবিলা তাসনীম খান

কিছু কিছু মানুষ তাঁদের প্রতিভা আর কর্মসাফল্য দিয়ে দুনিয়াকে চমকে দিতে পছন্দ করেন। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী নাবিলা তাসনীম খান তেমনই একটি নাম। ছাত্রজীবনের প্রায় পুরোটা সময়ই ক্লাসে ‘প্রথম স্থান’-এর জায়গাটি দখল করে নাবিলা ধারাবাহিকতা ও মেধার প্রমাণ দিয়েছেন বারবার। ক্লাসে তো অপ্রতিরোধ্য ছিলেনই, এমনকি পাবলিক পরীক্ষাগুলোতেও দেশসেরাদের মধ্যে জায়গা করে নিয়েছেন সব সময়। জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া দিয়ে শুরু, এরপর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ইংরেজি মাধ্যম থেকে সব কটি বিষয়ে এ প্লাস নিয়ে ২০০৬ সালে মাধ্যমিক আর ২০০৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেন নাবিলা। দুবারই বোর্ডের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের তালিকায় নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন। এর পরই মেডিকেলেরে কঠিন পড়াশোনার জীবনে আবদ্ধ হয়ে যাওয়া; তবে অধ্যবসায়ের দৃষ্টান্ত রেখে মেডিকেলের প্রথম পেশাগত পরীক্ষায় ষষ্ঠ আর দ্বিতীয় পেশাগত পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করে নিজের মেধার মান ধরে রেখেছেন নাবিলা।মনে হতে পারে, এত পড়াশোনা করে অন্য কিছু করার সুযোগই পাননি নাবিলা! তবে কথায় আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। তাই নাবিলাও শুধু পড়াশোনা করেই ক্ষান্ত থাকেননি, প্রতিভা বিকাশের অন্য জায়গাগুলোতেও দেখিয়েছেন তাঁর সাফল্যের ঝলক। বিতার্কিক হিসেবে স্কুল ও কলেজে ছিলেন শীর্ষস্থানীয়। ডেইলি স্টার ইন্টার-স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০০৫-এ স্কুল চ্যাম্পিয়ন, ডিবেটিং ক্লাস অব ল্যাবরেটোরিয়ানস ইন্টার-স্কুল ডিবেট প্রতিযোগিতা ২০০৪-এ শ্রেষ্ঠ বিতার্কিকের সম্মান অর্জন। ভিকারুননিসা ডিবেট ক্লাব ও ভিকারুননিসা সায়েন্স ক্লাবের সদস্য হিসেবে নাবিলা অংশ নিয়েছেন বেশ কয়েকটি কর্মশালায়। এমনকি এখনো মেডিকেলের ব্যস্ত পড়াশোনার চাপের মধ্যেও সময় করে ঠিকই পালন করে যাচ্ছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডিবেট ও কুইজ সোসাইটির ভাইস প্রেসিডেন্টের (ওয়ার্কশপ) দায়িত্ব।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক বাবা আখতার হোসেন খান ও মা গৃহিণী সালমা বেগমের দীক্ষায় দীক্ষিত হয়ে নাবিলা একজন পরিপূর্ণ মানুষ হওয়ার স্বপ্ন দেখেন। নাবিলার ভালো লাগে মেডিকেলের নতুন নতুন আবিষ্কার সম্পর্কে জানতে, মেডিসিনের বিভিন্ন বিস্ময় নিয়ে পড়াশোনা করতে। একজন আদর্শ ডাক্তার হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি দেশের অপ্রতুল স্বাস্থ্যব্যবস্থার জন্য কাজ করতে চান, সেই লক্ষ্যেই নিজেকে আরও শাণিত করে তৈরি করে চলেছেন দেশসেরা এই মেধাবী।