
মেধার ঝলকে এই বয়সেই সবার মধ্য থেকে নিজেকে আলাদা করে চিনিয়েছে মুনতাসির। একাধারে দুই-দুইবারের আই-জিনিয়াস, আবৃত্তিকার ও পড়াশোনায় মনোযোগী বিজ্ঞানের শিক্ষার্থী—এতগুলো পরিচয়ে পরিচিত মুনতাসির হাসান। শৈশবের সুন্দর সময়ে শুধু স্কুল-কলেজের বাঁধাধরা পড়াশোনায় নিজেকে সীমাবদ্ধ না রেখে, সাহিত্য আর সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে জড়িয়ে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে সে। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ২০১২ সালে বিজ্ঞান বিভাগে এ প্লাস পেয়ে নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে মুনতাসির। স্কুল-কলেজে প্রতিটি পরীক্ষায়ই প্রথম সারিতে থাকা মুনতাসির প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত, আছে পৌরসভা বৃত্তি পাওয়ার গৌরবও।
অনেক কাজের কাজি মুনতাসির পড়াশোনার পাশাপাশি নিজের ঝুলিতে ভরেছে বেশকিছু প্রতিযোগিতায় সেরা হওয়ার সম্মান। আবৃত্তিতে ২০১২ সালে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জনের সম্মান আছে ঝুলিতে। ভাষা প্রতিযোগ ২০১০ সালের জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়ে ভাষার দৌড়েও নিজের প্রতিভার পরিচয় দিয়েছে সে। আর আছে গ্রামীণফোন-প্রথম আলো আই-জিনিয়াস। ২০১১ সালে নীলফামারীর সৈয়দপুর থেকে, আর ২০১২ সালে ঢাকা থেকে আই-জিনিয়াস নির্বাচিত হয়ে প্রযুক্তিবান্ধব নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে মুনতাসির। মুনতাসিরের মতে, আই জিনিয়াস হওয়ার পর দায়িত্ব অনেক বেড়ে গেছে, দেশের আনাচকানাচে তরুণ প্রজন্মের মাঝে ইন্টারনেটকে জনপ্রিয় করার দায়িত্ব তাকে আরও পরিণত করেছে।
লেখালেখির সঙ্গেও যুক্ত মুনতাসির। কলম পেন্সিল নামের সাহিত্য পত্রিকার সহসম্পাদক হিসেবে কাজ করছে সে। ‘অপরাজিত’ নামে একটি সেবামূলক সংগঠনের পরিচালনাও চলছে তার হাত ধরে।
রেলওয়ের কর্মকর্তা বাবা হাসান মনসুর ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মা মরিয়ম বেগম।
নিজের প্রজন্মকে নিয়ে খুব আশাবাদী মুনতাসির। তার বিশ্বাস, তরুণ প্রজন্মের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশটা হবে সুন্দর।
অবসর সময়ে বই পড়া, ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলা নিয়ে সময় কেটে যায় মুনতাসিরের। ফটোগ্রাফিতে বিশেষ শখের জন্য সুযোগ পেলেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে সে, লেন্সে বন্দী করে হাজারো টুকরো গল্প। মুনতাসির হতে চায় পদার্থবিদ অথবা প্রকৌশলী। ২০১১ সালে পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়ে বিজ্ঞানী হওয়ার দাবিটিকেই আরও জোরালো করেছে যেন। নতুন নতুন আবিষ্কারে দেশকে সমৃদ্ধ করতে চায় মুনতাসির।