সাইন, ট্যান, সেক—তোমাদের মধ্যে ত্রিকোণমিতির সামান্য জ্ঞান যাদের আছে, তারা সবাই এই নামগুলো চেনো। কিন্তু এই নামগুলো কোত্থেকে এল, সেটা কি জানো? কদিন আগে একটা দারুণ বই পড়ছিলাম Great Moments in Mathematics before 1650। সেখানে খুব সুন্দর করে sin-এর গল্পটা বলা ছিল। উইকিপিডিয়া ঘেঁটে আরও কিছু শিখলাম। ভাবলাম যা জেনেছি, তোমাদের সঙ্গে ভাগ করে নিই। সে জন্যই এই লেখা। চলো, আগে নামগুলোর আভিধানিক অর্থ জেনে নিই। এই আভিধানিক অর্থ আমি আগেও জানতাম, কিন্তু সেই জানাটাই আসলে আমাকে আরও দ্বিধায় ফেলে দিয়েছিল! sine (সংক্ষেপে আমরা লিখি sin) শব্দটা এসেছে ল্যাটিন sinus থেকে, যার মানে হলো গর্ত বা গহ্বর! নাকের গহ্বরে প্রদাহ হলে তাকে sinusitis বলে, তখন প্রচণ্ড মাথাব্যথা হয়। তোমরা হয়তো তার কথা শুনেও থাকতে পারো। tangent (যাকে সংক্ষেপে আমরা লিখি tan) মানে হলো স্পর্শক। তোমরা জানো, কোনো একটা সরলরেখা যখন কোনো বৃত্তকে একটা মাত্র বিন্দুতে ছুঁয়ে যায়, সেই রেখাটিকে বলে স্পর্শক রেখা। tangent শব্দটা এসেছে ল্যাটিন tangere থেকে, যার মানে স্পর্শ করা। secant শব্দটার অর্থ হলো ছেদক। একটা সরলরেখা যখন বৃত্তের এক পাশ দিয়ে ঢুকে অন্য দিক ফুঁড়ে বেরিয়ে যায়, অর্থাৎ দুটো বিন্দুকে ছেদ করে বেরিয়ে যায় তাকে বলে ওই বৃত্তের ছেদক। নামটি এসেছে ল্যাটিন secare শব্দটি থেকে, যার মানে হলো কেটে ফেলা, ছেদ করা। co-sine বা cos, co-tangent বা cot এবং co-secant বা cosec (একে সংক্ষেপে csc-ও লেখা হয়) এই নামগুলো আসলে sin, tan আর sec থেকেই এসেছে। cosine হলো sine-এর সাথি, cotangent হলো tangent-এর সাথি এবং cosec হলো sec-এর সাথি। সাথি কী জিনিস, সেটাতে একটু পরে আসছি। তার আগে নামগুলোর অর্থের দিকে আবার তাকাও। স্পর্শক আর ছেদক না-হয় গণিতের ব্যাপার, এর সঙ্গে tan আর sec কোনোভাবে মিলতেও পারে, কিন্তু গর্ত? এর সঙ্গে sin-এর সম্পর্ক কী? জোর ব্যাপার হলো, সম্পর্ক আসলেই নেই। এটা একটা ভুল অনুবাদের ফসল! একটা দারুণ ব্যাপার কী জানো, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি তার সবকিছুই যে একেবারে সঠিক নিয়ম মেনেই এসেছে, তা কিন্তু নয়। কিছু অদ্ভুত সুন্দর ‘ভুল’ হয় বলেই আমাদের পৃথিবীটা অনেক বেশি বৈচিত্র্যময়। যাহোক, এই পর্যায়ে পুরোনো ব্যাপারগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলো থেকে দুটো দুটো করে নিয়ে মোট ছয় রকম অনুপাত পাওয়া সম্ভব। এই অনুপাতগুলোর সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে—sin=লম্ব/অতিভুজ cos=ভূমি/অতিভুজ tan=লম্ব/ভূমি cot=ভূমি/লম্ব sec=অতিভুজ/ভূমি cosec=অতিভুজ/লম্বঅতিভুজ হলো সবচেয়ে বড় বাহুটা। যেমন ছবিতে (চিত্র-১) AC হলো অতিভুজ। লম্ব আর ভূমি কোনটা হবে, এটা অনেক সময়ই ঠিকমতো শেখানো হয় না। অনেকেরই ভুল ধারণা থাকে যে বাহুটি বরাবর অর্থাৎ অনুভূমিকভাবে যে বাহুটা শুয়ে আছে, সেটাই সব সময় ভূমি আর তার ওপর লম্বা যে রেখা দাঁড়িয়ে আছে, সেটা হলো লম্ব। কিন্তু মূূল ব্যাপারটা এমন নয়। আসলে অন্য দুটো বাহুর যেকোনো একটাকে লম্ব আর অন্যটিকে ভূমি ধরা যেতে পারে। কোনটিকে আমরা ভূমি বলব, সেটা নির্ভর করবে কোন কোণটি নিয়ে আমরা কাজ করছি, সেটার ওপর। সমকোণ নিয়ে এখানে আসলে ভাবার কিছু নেই। বাকি যে সূক্ষ্ম কোণ দুটি রইল তাদের নিয়েই আমাদের যত চিন্তা। এখানে BAC এবং BCA হলো এমন দুটি কোণ। প্রথমে আমরা BAC-এর কথা চিন্তা করি। দেখো এ কোণটি AC এবং AB এই দুটো বাহু মিলে তৈরি। AC তো অতিভুজ। এখন এই AC-এর সঙ্গে আর যে বাহুটি রয়েছে, সেটিই হবে ‘ভূমি’ অর্থাৎ এখানে AB হলো ভূমি। নিখুঁত করে বললে বলা যায় ভূমি হলো ‘কোণসংলগ্ন বাহু’। এ ক্ষেত্রে লম্ব হবে BC (আর কে হবে বলো, আর কেউ কি বাকি আছে?)। লম্বকে তাই বলা যায় ‘কোণের বিপরীত বাহু’। তাহলে sinBAC=লম্ব/অতিভুজ=BC/AC। একইভাবে cosBAC=ভূমি/অতিভুজ=AB/AC এখন যদি আমরা অন্য কোণটি অর্থাৎ BCA-এর কথা ভাবি, তখন আমরা দেখব ভূমি হয়ে গেছে BC এবং লম্ব হয়ে গেছে এর বিপরীত বাহু AB। এবার sinBCA=লম্ব/অতিভুজ=AB/AC। একইভাবে cosBCA=ভূমি/অতিভুজ=BC/AC এবারে লক্ষ করো, cosBAC-এর মান যা, sinBCA-এর মানও তা। আবার sinBAC-এর মান যা cosBCA-এর মানও তা-ই। একই সমকোণী ত্রিভুজে থাকা এমন সূক্ষ্মকোণ দুটোকে বলে পরস্পরের পূরক কোণ (complementary angle)। এমন একটা কোণের সাইন অন্য কোণের কো-সাইনের সমান। সাথি অর্থাৎ পুরো ব্যাপারটা আসলে এখান থেকেই এসেছে। সুতরাং অনুমান করতে পারো—এভাবে একটা কোণের সেক্যান্ট হবে অন্য কোণটির কো-সেক্যান্টের সমান এবং একটা কোণের ট্যানজেন্ট হবে অন্য কোণটির কো-ট্যানজেন্টের সমান।আবার ফিরে যাই মূল প্রসঙ্গে—সাইন যদি লম্ব আর অতিভুজের অনুপাত হয়, সেখানে গর্ত কোত্থেকে এল? সেক্যান্ট কোণে যদি ছেদকই হবে, তার সঙ্গে অতিভুজ আর ভূমির অনুপাতের সম্পর্ক কী? ট্যানজেন্ট দিয়ে বোঝায় লম্ব আর ভূমির অনুপাত, তার সঙ্গে স্পর্শকের সম্পর্ক কোথায়?এই চিন্তাগুলোর জন্ম হয়েছিল গ্রিসে আর আদরে আদরে বেড়ে উঠেছিল আমাদের এই উপমহাদেশে। এখন থেকে প্রায় দেড় হাজার বছর আগে আর্যভট্ট (৪৭৬-৫৫০ খ্রিষ্টাব্দ) তাঁর আর্যভট্টীয় বইটিতে লিখে গেছেন এই বিষয়গুলোর কথা। তাঁর ধারণা বুঝতে গেলে আমাদের এমন একটা বৃত্তের দিকে তাকাতে হবে, যার ব্যাসার্ধ ১ একক। ছবিতে (চিত্র-২) আমরা এমন একটা বৃত্ত এঁকেছি। এখানে OB=OD=বৃত্তের ব্যাসার্ধ=১ একক। AB হলো BB` জ্যা-এর অর্ধেক। একে বলা হয় অর্ধ-জ্যা। CC` এই বৃত্তের একটা ছেদক। এর একটা অংশ হলো OC। এখানে ছেদক বা ছেদকের দৈর্ঘ্য বলতে আমরা OC অংশটুকুকেই বুঝব। আর স্পর্শক বলতে বুঝব CD। এবার আমরা পুরোনো সংজ্ঞাগুলোর দিকে আবার তাকাব। কোণ COD-কে আমরা নাম দিলাম। তাহলে COD থেকে আমরা দেখিsec=secCOD=অতিভুজ/ভূমি=OC/OD= ছেদক/ব্যাসার্ধ=ছেদক/১=ছেদকযাক বাবা, এতক্ষণ পরে আমরা দেখাতে পেরেছি, সেক্যান্ট আসলেই ছেদকের কোণ বের করে। এখন tangentও আমাদের হতাশ করবে না!tan=tanCOD=লম্ব/ভূমি=CD/OD= স্পর্শক/ব্যাসার্ধ=স্পর্শক/১=স্পর্শকআর বাকি রইল sin। সাইনকে আর্যভট্ট আসলে অর্ধ-জ্যা বলে ডাকতেন। কেন্দ্রে বিভিন্ন রকম কোণের জন্য অর্ধ-জ্যার কোণ কেমন হবে তার একটা বিশাল লিস্ট তিনি বানিয়েছিলেন। যাহোক, BOA থেকে আমরা sin-এর কোণ বের করি।sin=sinBOA=লম্ব/অতিভুভ=AB/OB=অর্ধ-জ্যা/ব্যাসার্ধ=অর্ধ-জ্যা/১=অর্ধ-জ্যাsin যে অর্ধ-জ্যাকে প্রকাশ করে এটা জেনেও আসলে স্বস্তি হয় না। অর্ধ-জ্যার সঙ্গে ‘গর্ত’ ব্যাপারটা কীভাবে মিলল? এখানে আসলে অনুবাদকদের কারসাজি। আর্যভট অর্ধ-জ্যাকে কখনো কখনো ‘জ্যা-অর্ধ’, আবার কখনো কখনো শুধু ‘জ্যা’ লিখতেন। আরব অনুবাদকেরা ভারতবর্ষের গণিতের কাজগুলো যখন সংস্কৃত থেকে আরবিতে অনুবাদ করছিলেন, তাঁরা দেখলেন আরবিতে ‘জ্যা’-এর কোনো প্রতিশব্দ নেই। তাঁরা উচ্চারণের সঙ্গে মিল রেখে এটার নাম দিলেন ‘যিবা’ (জ্যা যিঅ্যা যিবা)। তোমরা হয়তো জানতেও পারো, আরবিতে যখন মানুষ লেখে, অনেক সময়ই তারা আকার-ওকার না দিয়ে অর্থাৎ যের, যবর, পেশ ব্যবহার না করেই লিখে ফেলে। ফলে তারা লিখল ‘য্ ব্’। পরবর্তী প্রজন্মের লেখকেরা যখন এই ‘য্ ব্’ শব্দটা দেখলেন, তাঁরা আর বুঝতে পারলেন না যে এটা হলো ‘যিবা’। তাঁরা দেখলেন য আর ব-এর সঙ্গে আকার, ইকার বসিয়ে সুন্দর একটা আরবি শব্দ হয় ‘যাইব্’ যার মানে হলো খাদ বা গর্ত। এরপর ল্যাটিন ভাষার অনুবাদকেরা যখন অনুবাদ করলেন, তাঁরা ল্যাটিন ভাষায় গর্তের প্রতিশব্দ হিসেবে এর নাম রাখলেন sinus, তার থেকেই পরবর্তী সময় এল sine. এভাবেই আর্যভট্টের সেই অর্ধ-জ্যা অর্ধদুনিয়া ঘুরে হয়ে গেল গর্ত! কী অদ্ভুত!এসব জেনে লাভ কী? এই প্রশ্নের মুুখোমুখি আমাকে প্রায়ই হতে হয়। এই যে এসব নামটাম কোত্থকে এল, কে নাম দিল—এসব জেনে লাভটা কী? তার চেয়ে শুধু এগুলো কীভাবে কাজ করে, এইটা জানলেই কি হয় না? নাহ্! চোখের দেখা দেখেই লাভ-ক্ষতির হিসাবটা আসলে করে ফেলা যায় না। যা কিছু শুধুই যুক্তির, শুধুই প্রয়োজনের, তা দিয়ে ভালোবাসা ব্যাপারটা বোঝা যায় না! যে মানুষটা শুধুই তার প্রয়োজনের সময় তোমাকে স্মরণ করে, সে তোমাকে ভালোবাসে কি না তুমি বুঝবে না! ধরো, তোমার পাশের বন্ধুটার সঙ্গে তোমার এমন সম্পর্ক, ‘তুই আমাকে এই নোটটা দিবি, আমি তোকে ওইটা দেব।’ এমন প্রয়োজনের সম্পর্ক থেকে তোমাদের বন্ধুত্ব কতখানি তীব্র, এটা বোঝা যাবে না। কিন্তু ধরো, একদিন বন্ধুটা চুপচাপ বসে আছে, তুমি পাশে গিয়ে শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলে, ‘তোর কি মন খারাপ?’ এই ‘অপ্রয়োজনীয়’ কথাটুকুর মধ্যে অনেক বেশি গভীরতা আছে, ভালোবাসা আছে! এবং তুমি প্রায়ই দেখবে একটা তুচ্ছ অপ্রয়োজনীয় কথা কিংবা কাজ থেকে তৈরি হওয়া বন্ধুত্বটুকু, ভালোবাসাটুকু সারা জীবনে তোমাকে যা কিছু দেবে, হাজার হাজার প্রয়োজনীয় কথাও সেটা পারবে না! জ্ঞানের ব্যাপারটাও ঠিক তাই। গণিতের একটা ছোট্ট ‘অপ্রয়োজনীয়’ গল্প তোমার মধ্যে যদি ভালোবাসার একটা ছোট্ট বীজ বুনে দেয়—সে যে একদিন মহীরুহ হয়ে উঠবে না, কে বলতে পারে! আমরা মানুষ—যুক্তি দিয়ে যা বুঝি তাকে যখন আবেগ দিয়ে অনুভব করি, সেই জ্ঞানটা আমাদের অনেক বেশি মানসিক শক্তি জোগায়, এগিয়ে নিয়ে যায় আরও অনেক অনেক দূর!