ছয়-সাত মাস আগের কথা। চেম্বারে বসে আছি। ল্যাব টেকনিশিয়ান প্রেগনেন্সি টেস্টের একটা রিপোর্ট নিয়ে এল। আমার সামনে একজন ৩০-৩২ বছরের নারী। তাঁর সঙ্গে দুটি শিশু। কোলের শিশুটার বয়স দেড় থেকে দুই বছর আর পাশে দাঁড়ানো মেয়েটির বয়স ১১ বা ১২ হবে। জানতে পারলাম, এই দুটি ছেলেমেয়েসহ আরও চারটি সন্তান আছে তাঁর। আবারও প্রেগনেন্সি টেস্ট পজিটিভ দেখে বেশ বিরক্তই হলাম। ল্যাব টেকনিশিয়ান ব্যাপারটা বুঝতে পেরে আমাকে বললেন, ‘আপা, এটা এই মেয়ের রিপোর্ট।’ কোনো কিছু বুঝে ওঠার আগেই মুখ দিয়ে বের হয়ে গেল—কী? জীবনে বহুবার কী বলেছি, তবে সেদিন শব্দটার উচ্চারণ এত তীক্ষ ছিল যে নিজের কণ্ঠস্বর শুনে নিজেই চমকে উঠেছিলাম।
১১-১২ বছরের একটা ছোট মেয়ে, সবেমাত্র পঞ্চম শ্রেণীর ছাত্রী। বয়সটা যার এখন উচ্ছলতায়, হেসেখেলে বেড়ানোর। কোনটা ভুল আর কোনটা সঠিক, এই নিয়ে ভাবার যার বয়স হয়নি। আমি তাকিয়ে রয়েছি বাচ্চা মেয়েটার দিকে, যে তার ভয়ংকর এই মাতৃত্বকে ওড়না দিয়ে আড়াল করার বৃথা চেষ্টা করছে। জিজ্ঞেস করলাম, কীভাবে হলো? মেয়েটি কোনো কথা বলছে না। আমি তার কাঁধে হাত রাখার সঙ্গে সঙ্গে শুরু হলো তার কান্না। সে কাঁদছে অঝোর নয়নে। সঙ্গে কাঁদছেন তার মা। মাঝখানে স্তব্ধ হয়ে বসে আছি আমি।
তবে ঘটনার বর্ণনা খুবই সাদামাটা, অন্য আট-দশটা ঘটনার মতোই। সেদিন মেয়েটিকে আমি কোনোভাবেই সাহায্য করতে পারিনি। কারণ, তারা এসেছিল বড্ড দেরিতে। তবে মেয়েটির একটা কথা আজও আমার কানে বাজে, ‘ডাক্তার আফা, আমি কি মারা যামু? আমার পেটে যে খুব যন্ত্রণা লাগে।’ সেদিন নিজেকে খুব অসহায় মনে হয়েছিল।
আরেকটি ঘটনা আজ বলতে চাই। মাস খানেক আগে রিকশায় হাসপাতাল থেকে ফিরছিলাম। দেখলাম, একটা পাগল। তাকে নারী না বলে মেয়ে বলাটাই যুক্তিযুক্ত। কারণ, বয়স খুব বেশি নয়। পা টেনে টেনে হাঁটছে সে। রিকশাটা কাছাকাছি আসতেই বেশ বড়সড় একটা ধাক্কা খেলাম। মুখখানা তার ভাবী মাতৃত্বের বিষাদে ভারাক্রান্ত। যে রকমভাবে পা টেনে টেনে চলছিল, ঠিক সে রকম নির্লিপ্তভাবেই সে চলছে সামনের দিকে। আমার রিকশা বেশ খানিকটা সামনে চলে এসেছে। হঠাৎ দূর থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এল, ‘কিরে, এই সব আবার ঘটাইলি কবে?’ প্রত্যুত্তরে আর কিছুই শুনতে পেলাম না, শুধু কিছুসংখ্যক পুরুষ মানুষের হাসির শব্দ ছাড়া। পেছনে ফিরে তাকানোর সাহস আমার হলো না। মানুষের হাসি যে এত ভয়ংকর আর বীভৎস হতে পারে, তা আমার ধারণা ছিল না।
আর কখনো দেখা হয়নি আমার এই দুজনের কারও সঙ্গেই। তবে এটা নিশ্চিত, এদের মতো অনেক অসহায় নারীর সঙ্গে দেখা হবে। পত্রিকায় ছাপা খবরের কথা নাই-বা বললাম।
মাতৃত্ব কী, কেমন তার অনুভূতি, তা এই ১১-১২ বছরের মেয়ে কিংবা ওই পাগল মেয়েটির অনুধাবন করার কথা নয়। অথচ তাদের মতো অনেক মেয়ে এসব অনাকাঙ্ক্ষিত মাতৃত্বের অভিশাপ নিয়ে দিন যাপন করছে। আর এসব সন্তানেরা কীভাবে বেড়ে উঠবে? কী হবে তাদের পরিচয়?
শামীমা ইয়াসমিন
চিকিৎসক, ব্র্যাক হেলথ সেন্টার, ময়মনসিংহ।