কল্পনায় বাণীগুলো সংগ্রহ করেছেন মাহবুব আলম

ডোনাল্ড ট্রাম্প
নতুন এই বছরে সবাইকে (বিশেষ করে নারীদের) জানাই আমার আন্তরিক ভালোবাসা। যাঁরা আমার জন্য অনেক পরিশ্রম করেছেন, তাঁদের অবদান আমি ২০১৬ সালেই ভুলে যেতে চাই। নতুন বছরে নতুন কিছু নিয়ে ভাবতে হবে আমাকে। হ্যাপি নিউ ইয়ার।

বারাক ওবামা
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বেশি দিন নেই। তাই ফেসবুকে এখন অনেক বেশি সময় দিতে পারব। আগে ইস্যু পেলে রাষ্ট্রপ্রধানদের নিয়ে আলোচনা করতাম, আর এখন ইস্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেব। হ্যাপি ফেসবুকিং, সরি নিউ ইয়ার।

হিলারি ক্লিনটন
২০১৬ সালের নির্বাচনে আমি ইচ্ছা করেই হেরে গিয়েছিলাম। কারণ, আমি জয়ী হলে আমার হাজবেন্ড আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যেত। আর যা-ই হোক, তিনি তো আর ‘ফার্স্ট লেডি’ হতে পারেন না। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে (ট্রাম্প ব্যতীত)।

হুসেইন মুহম্মদ এরশাদ
নিউ ইয়ার নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। থার্টিফার্স্ট নাইট আমি কখনো পালন করিনি। এ কথা আমি গত বছর থার্টিফার্স্ট নাইটের একটা প্রোগ্রামেও গেস্ট হিসেবে গিয়ে বলেছিলাম।

শামীম ওসমান
২০১৬ সাল আমাকে যা দিয়েছে, তা অন্য কোনো সাল দিতে পারেনি। এ বছর আমি আইভীর মতো একটা ছোট বোন পেয়েছি। ২০১৭ সালেও এ রকম আরও অনেক বোন পাব, সেই কামনায় হ্যাপি ভাই-বোন, সরি নিউ ইয়ার।

কাজী সালাউদ্দিন
ক্রিকেটের অত্যাচারে ফুটবল সব সময় আড়ালে ছিল। তাই আমি বাংলাদেশের ফুটবলকে পত্রিকার অন্যতম শিরোনাম বানিয়েছি। ২০১৬ সালে তো দর্শক শুধু গোল দেখতে পারেনি, আশা করি ২০১৭ সালে গোলপোস্টও আর দেখতে পাবে না। হ্যাপি পোস্টলেস ইয়ার।

তাহসান
আমার প্রতি মেয়েদের অনেক টান। সে রকম টান যদি বছরগুলোরও থাকত, তাহলে ২০১৬ কেন, কোনো সালকেই শেষ হতে দিতাম না। এভাবে সালগুলো শেষ হচ্ছে আর আমি বুড়ো হচ্ছি। ভবিষ্যতে আর কেউ ক্রাশ খাবে কি না সন্দেহ! হ্যাপি নিউ ইয়ার।

শাকিব খান
দেশের মানুষ সাক্ষী আছে, আমার প্রতিটি ছবি সব ঋতুতেই দেশ কাঁপিয়েছে। তাই এই শীত ঋতুতেও দেশের আর কাঁপার শক্তি নেই। নতুন বছর বাংলাদেশ কাঁপাতে না পারলেও গরমকালে কলকাতা কাঁপিয়ে ছাড়ব, সেই কামনায় হ্যাপি নিউ ইয়ার।

মোস্তাফিজুর রহমান
আমি কাটার দিয়ে বল ঘুরিয়ে অন্য দিকে নিয়ে যাই। তবে ক্যালেন্ডারের তারিখ ঘুরিয়ে পেছনে আনতে পারি না বলেই বছরগুলো ডিসেম্বরের পরই শেষ হয়ে যায়। আমার করার কিছু নেই বলেই আজ বলতে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার।