নারায়ণগঞ্জে থ্রিজি সেবা চালু করল বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আজ বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে টেলিকম অপারেটর বাংলালিংক। আজ নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে এই থ্রিজি চালুর ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলালিংক কর্তৃপক্ষ।

থ্রিজি চালুর ঘোষণা দেওয়ার আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের ডেপুটি কমিশনার মনোজ কান্তি বড়াল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ ম্যাস মার্কেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন মারুফ মিজান, রিজিওনাল সেলস ম্যানেজার সাইদ লিয়াকত হোসেন, পিআর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট ম্যানেজার ইফতেখার আযম শাফিন ।
মারুফ মিজান বলেন, ‘ ‘বাংলালিংক সব সময় প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির নতুন সেবা আনে। আরও উন্নত সেবা দিতে নারায়ণগঞ্জে উদ্বোধন করা হলো থ্রিজি।
বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলালিংকের স্লোগান হচ্ছে ‘সবার জন্য বাংলালিংক থ্রিজি’, যা গ্রাহকদের উচ্চ গতিসম্পন্ন ডাটা কানেক্টিভিটির সুবিধার ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে। বাংলালিংকের থ্রিজি সেবা গ্রহণকারী একজন গ্রাহক ভিডিও কলও করতে পারবেন। এদেশে বাংলালিংকই হলো প্রথম মোবাইল ফোন অপারেটর যেটি তার গ্রাহকদের জন্য লোকাল রেডিও অ্যাপস, অডিও স্ট্রিমিং ও ভিডিও স্ট্রিমিং সার্ভিস এবং আরো কিছু প্রয়োজনীয় মোবাইল পোর্টালসহ থ্রিজি উপযোগী নানা কনটেন্ট সেবা নিয়ে এসেছে।
বর্তমানে বাংলালিংকের প্রায় দুই কোটি ৯০ লাখের মত গ্রাহক রয়েছে। প্রসঙ্গত, বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। গত ১০ অক্টোবর বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজি চালুর পর থেকে ঢাকা, খুলনা ও চট্টগ্রামের থ্রিজি চালু করেছে।