নারী চালকদের উৎসাহ দিতে প্রণোদনা
নারীদের জীবিকা অর্জনের সুযোগ দিতে নিজেদের প্ল্যাটফর্মে নারী চালকদের অংশগ্রহণ আরও বাড়াতে চায় অ্যাপভিত্তিক পরিবহন সেবা উবার। এ জন্য বিভিন্ন প্রণোদনার পাশাপাশি নারী চালকদের নিরাপত্তায় সার্বক্ষণিক হটলাইন সুবিধাও চালু করেছে তারা।
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে গতকাল শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে উবার জানিয়েছে, গাড়ি বা বাইকচালক হিসেবে নিবন্ধন করলেই যোগদান বোনাস পান নারীরা। রয়েছে রেফারেল বোনাস পাওয়ার সুযোগও। অন্য নারীকে উবারে চালক হিসেবে কাজের সুযোগ করে দিলে দুজনেই এই বোনাস পাবেন। এ ছাড়া নারী চালকদের ন্যূনতম আয় নিশ্চিত করতে প্রতি সপ্তাহেই নগদ অর্থ বোনাস দেওয়া হয় উবার থেকে। প্রণোদনার পাশাপাশি নারী চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক হেল্পলাইনও চালু করা হয়েছে উবারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার বলেন, ‘বিশ্বব্যাপী নারীরা যে কাজই করুক না কেন, তাঁরা পক্ষপাতিত্ব ও বৈষম্যের শিকার হয়ে থাকেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, ইচ্ছাকৃত বা অসচেতনতা—যা–ই হোক না কেন, এই পক্ষপাতিত্ব নারীদের এগিয়ে যাওয়া কঠিন করে তোলে। সব নারী চালককে আমার স্যালুট, যাঁরা নিজেদের সামাজিক ও আর্থিক ক্ষমতায়নের জন্য কাজ করছেন। দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য আমি উবারকেও অভিনন্দন জানাই!’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উবারের দুজন নারী চালক লিউজা আক্তার ও রাবেয়া রোজি আক্তার। তাঁরা নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে অন্য নারীদের উবারে চালক হিসেবে কাজ করতে উৎসাহ দেন।
উবারের পূর্ব ভারত ও বাংলাদেশ অঞ্চল প্রধান মো. আলী আরমানুর রহমান জানান, ‘উবারের নারী চালকদের জন্য আমরা গর্বিত। নারী চালকদের সম্মান জানানো ও উদ্যাপনের সুযোগ দিতেই এ আয়োজন।’
বিজ্ঞপ্তি।