নারী শিক্ষার্থীদের জন্য গুগলের বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি দিচ্ছে সার্চ ইঞ্জিন গুগল। ‘দ্য গুগল অনিতা বর্গ মেমোরিয়াল স্কলারশিপ ২০১৪ এশিয়া-প্যাসিফিক (এপিএসি)’ নামের এই বৃত্তি মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রীরা পাবেন। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের ছাত্রীরা আবেদন করতে পারবেন। বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল এবং একই পর্যায়ের কারিগরি বিভাগের ছাত্রীদের দেওয়া হবে এই বৃত্তি।
বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং যোগ্য নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে এই বৃত্তি চালু করা হয়েছে বলে জানা গেছে। বৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা নির্দিষ্ট দেশের পড়াশোনার খরচ অনুযায়ী আর্থিক সুবিধার পাশাপাশি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠেয় গুগলের বার্ষিক আয়োজনে অংশ নিতে পারবেন। ২০০৪ সাল থেকে এ বৃত্তি কার্যক্রম শুরু হলেও ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, ২০০৮ থেকে ভারত এবং ২০১০ সাল থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নারী শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হচ্ছে।
নারীদের তথ্যপ্রযুক্তিতে আরও বেশি সম্পৃক্ত করতে ১৯৯৭ সালে ইনস্টিটিউট ফর উইমেন অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা করেন অনিতা বর্গ। পরবর্তী সময়ে তাঁর নামেই এই প্রতিষ্ঠানের নামকরণ ‘দি অনিতা বর্গ ইনস্টিটিউট ফর উইমেন অ্যান্ড টেকনোলজি’ (www.anitaborg.org) করা হয়। ১৯৯৪ সালে চালু হওয়া ‘গ্রেস হপার সেলিব্রেশন অব উইমেন ইন কম্পিউটিং’ সম্মেলনেরও সহ-আয়োজক ছিলেন অনিতা। বর্তমানে এই সম্মেলন প্রযুক্তি-সংশ্লিষ্ট নারীদের জন্য অন্যতম বড় আয়োজন।
গুগলের এই বৃত্তির জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৮ মে। বৃত্তির বিস্তারিত: www.google.com/anitaborg/apac। —এপিএসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী