নারীদের জন্য ফ্রিল্যান্সিং কর্মশালা
বাংলাদেশের নারীদের ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে আগ্রহী এবং দক্ষ করে তোলার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে নারীদের জন্য ফ্রিল্যান্সিং কর্মশালা। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে গত শনিবার ঢাকার ফ্রেপড মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য দেন বিডিওএসএনের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ মোর্শেদ চৌধুরী, বেসিস ফ্রিল্যান্সার পুরস্কারজয়ী ফ্রিল্যান্সার এনায়েত হোসেন, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডট কমের কান্ট্রি ম্যানেজার নাবিলা খোর্শেদ এবং ফ্রিল্যান্সার মাসুম রানা। কর্মশালায় শিক্ষার্থীদের ওয়েবসাইট ডিজাইন ও গ্রাফিকস ডিজাইন এবং কনটেন্ট রাইটিংয়ের ওপর ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজের সুযোগ এবং সে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। আগ্রহী ব্যক্তিদের জন্য এই পাইলট আয়োজনে ১৫০ জন আগ্রহী নারী ফ্রিল্যান্সারকে আগামী নভেম্বর পর্যন্ত কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের জন্য উপযুক্ত করে তোলা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন। —বিজ্ঞপ্তি