নারীদের ডিজিটাল উদ্ভাবনে সেরা 'ফুড অ্যান্ড নিউট্রিশন'

‘ডিজিটাল ইনোভেশন ফর উইমেন ২০১৬’-তে প্রথম হয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন, দ্বিতীয় হয়েছে এয়ার কিড ও তৃতীয় হয়েছে ব্রেক ফ্রি। পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারীকে ২৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে।
দেশের নারীদের প্রযুক্তি ব্যবসায় আগ্রহী করে তুলতে ‘উইমেন ইন ডিজিটাল’ ও ‘ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিক নারী দিবসকে উপলক্ষ করে মঙ্গলবার ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. রিজওয়ান খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক, বাংলাদেশ ব্যাংক ও বিআইবিএমের এসএমই ফ্যাকাল্টি কনসালট্যান্ট সুকোমল সিনহা চৌধুরী এবং বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর।
গত ২৮ জানুয়ারি থেকে ‘ডিজিটাল ইনোভেশন ফর উইমেন’ প্রতিযোগিতা শুরু হয়। এতে ৪৯টি প্রকল্প নিয়ে সারা দেশের ২৪৮ জন নারী শিক্ষার্থী অংশ নেন। বিভিন্ন পর্যায়ে বিচারের মাধ্যমে শীর্ষ তিন উদ্ভাবনকে পুরস্কৃত করা হয়। (বিজ্ঞপ্তি)