জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার রাজশাহী আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, দেশে বর্তমানে বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ছে। তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ করে প্রোগ্রামিংয়েও নারীদের ভালো করার সুযোগ রয়েছে। নারীদের আরও বেশি প্রোগ্রামিংয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার রাজশাহী আঞ্চলিক পর্বে আজ শনিবার তিনি এ আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময়ে তিনি বলেন, দেশে বর্তমানে বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ছে। তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ করে প্রোগ্রামিংয়েও নারীদের ভালো করার দারুণ সুযোগ রয়েছে। তিনি নারীদের আরও বেশি প্রোগ্রামিং খাতে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. নজরুল ইসলাম মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) ভাইস-প্রেসিডেন্ট লাফিফা জামালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা সকাল ৮টায় শুরু হয়ে প্রতিযোগিতা চলে দুপুর ২টা পর্যন্ত। প্রোগ্রামিং প্রতিযোগিতায় ৩০ শিক্ষার্থী এবং কুইজে ৯০০ শিক্ষার্থী অংশ নেয়। পরবর্তীতে প্রোগ্রামিং প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে ১৪ জন এবং কুইজে তিন ক্যাটাগরিতে ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করতে এবং দক্ষতা বৃদ্ধির জন্য গত বছর থেকে এই আয়োজন শুরু করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
দেশের রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ অঞ্চলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে ১৬ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজনে রয়েছে আইসিটি বিভাগ, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগী বিডিওএসএন, একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল এবং পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো, এটিএন নিউজ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। প্রতিযোগিতা সম্পর্কে জানার ওয়েব ঠিকানা www. nhspc. org। প্রেস বিজ্ঞপ্তি।