নারীদের বাধাহীন ঘুরে বেড়ানোর স্বপ্নপূরণে ফেসবুক গ্রুপ
নারীদের ঘরে বন্দী থাকার দিন ফুরিয়েছে অনেক আগেই। ভ্রমণপিপাসু নারীরা এখন কারও সাহায্য ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশের নানা প্রান্তরে। সামাজিক কারণে উন্নত দেশের তুলনায় বাংলাদেশে নারী ভ্রমণকারীর সংখ্যা বেশ কম। কারণ, পুরুষ সঙ্গী ছাড়া ভ্রমণের সময় তাঁদের নানা প্রশ্ন ও বাধার সম্মুখীন হতে হয়। তাই বলে কি নারীরা ইচ্ছেমতো ঘুরে বেড়াবেন না? মোটেও তা নয়। বিষয়টি মাথায় রেখে ভ্রমণপিপাসু নারীদের জন্য ফেসবুকে চালু করা হয়েছে ‘ওয়ান্ডার উইমেন’ গ্রুপ। ইচ্ছেমতো ঘুরে বেড়াতে ভালোবাসেন, এমন অনেক নারী একত্র হয়েছেন ফেসবুক গ্রুপটিতে। নিজেদের মধ্যে তথ্য বিনিময়ের পাশাপাশি গ্রুপের সদস্যদের সঙ্গে ভ্রমণে সহায়তা করাই গ্রুপটির মূল লক্ষ্য। গত মাসে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বৈশ্বিক উদ্ভাবন কর্মসূচি ‘আনলিশ প্লাস ২০২১’ জিতে ২০ লাখ টাকার অনুদানও পেয়েছে এই গ্রুপটি।
ওয়ান্ডার উইমেন গ্রুপের প্রতিষ্ঠাতা সাবিরা মেহরিন। ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে পছন্দ করেন। বয়স বাড়ার পর নিরাপত্তার কথা ভেবে পরিবার থেকে অনেক জায়গায় যাওয়ার অনুমতি পাননি তিনি। ভ্রমণের ইচ্ছা থাকলেও পরিবারের সব সদস্যের সঙ্গে নিজের সময় মিলত না অনেক সময়। এসব কারণে তাঁর মনে হলো, এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখানে কোনো নারী ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে ভ্রমণের প্রয়োজনীয় তথ্য, সঙ্গীসহ সব ধরনের সহযোগিতা পাবেন।
সাবিরা জানান, তাঁকে অনেকেই প্রশ্ন করেছেন, গ্রুপটি শুধু নারীদের জন্য কেন, কেন পুরুষেরা এর বাইরে? তিনি বলেন, ‘পুরুষদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। কিন্তু একজন নারীর চ্যালেঞ্জের কথা আরেকজন নারী সবচেয়ে ভালো বুঝতে পারবেন। একজন নারী যখন দেখেন তাঁর নিজের মতো ঠিক একই ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে আরেকজন নারী দেশ–বিদেশে ঘুরছেন, তখন তিনি অনুপ্রাণিত হন। তিনিও সেই বাধাগুলো অতিক্রম করতে চেষ্টা করেন।’
ইনস্টাগ্রামে বিশ্বের নানা দেশের নারী ভ্রমণকারীদের ছবি দেখে সাবিরার মনে হয়েছে, বাংলাদেশি নারীদের ঘুরে বেড়ানোর গল্প সবার জানা দরকার। তাই ওয়ান্ডার উইমেনের ইনস্টাগ্রাম পেজের মাধ্যমেও তিনি দেশের নারী ভ্রমণকারীদের গল্প সারা বিশ্বে তুলে ধরছেন।
২০১৭ সালে ছোট পরিসরে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে ওয়ান্ডার উইমেনের সদস্যসংখ্যা ও কাজের পরিধি বেড়েছে। বর্তমানে ২৫ হাজারের বেশি সদস্য যুক্ত আছেন এই গ্রুপে। ভ্রমণ আয়োজনের পাশাপাশি নারী উদ্যোক্তাদের নিয়ে প্রদর্শনী ওয়ান্ডার ভেঞ্চারস, যোগব্যায়াম কর্মশালা, ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইত্যাদির আয়োজন করা হয় গ্রুপটির পক্ষ থেকে। এ ছাড়া ২০১৯ সালের অক্টোবরে নারীদের আত্মরক্ষা, সাঁতার ইত্যাদি শেখানোর জন্য ডব্লিউডব্লিউ একাডেমি প্রতিষ্ঠা করে গ্রুপটি। ডিসেম্বর মাসের মধ্যে ১০ জন নারীকে প্রশিক্ষণও দেয় তারা। তবে করোনা মহামারি শুরুর পর থেকে এই প্রশিক্ষণ অনলাইনে দেওয়া হচ্ছে।
সম্প্রতি ওয়ান্ডার উইমেন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বৈশ্বিক উদ্ভাবন কর্মসূচি ‘আনলিশ প্লাস ২০২১’ জিতে ২০ লাখ টাকার অনুদান পেয়েছে। প্রথা ভেঙে দক্ষিণ এশিয়ায় নারী ভ্রমণকারীদের উৎসাহ দেওয়ার স্বীকৃতিস্বরূপ এ অনুদান পেয়েছে তারা।
এই অনুদানের অর্থ নিয়ে নানা পরিকল্পনা আছে ওয়ান্ডার উইমেনের। ওয়েবসাইট চালুর পাশাপাশি নারীদের জন্য একটি স্বয়ংক্রিয় বুকিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা আছে তাদের। ভ্রমণ করাকে কেউ অপ্রয়োজনীয় ভাববেন না, পরিবার থেকে মেয়েদের ভ্রমণে যেতে বাধা দেওয়া হবে না—এই প্রত্যাশায় কাজ করতে চায় ওয়ান্ডার উইমেন।