নারীর জন্য বিশেষ নোটবুক
জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান ফুজিৎসু সম্প্রতি নারীদের জন্য একটি বিশেষ নোটবুক বাজারে আনার ঘোষণা দিয়েছে। এ নোটবুকটির নাম ‘ফ্লোরাল কিস নোটবুক’। নভেম্বর মাস থেকে জাপানের বাজারে পাওয়া যাবে এ নোটবুকটি।নারীদের জন্য বিশেষ উপযোগী করে এ নোটবুকটি তৈরি করতে ফুজিত্সুর নারী প্রকৌশলীদের একটি দল কাজ করেছে। ফুজিৎসুর কর্মকর্তারা জানিয়েছেন, ‘ফ্লোরাল কিস’ মূলত হালকা-পাতলা নোটবুক বা আলট্রাবুক। উইন্ডোজ৮ অপারেটিং সিস্টেম-নির্ভর এ আলট্রাবুকটিতে হার্ডওয়্যার, কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশ ও অ্যাপ্লিকেশন নারীদের বিশেষ উপযোগী করে তৈরি করা হয়েছে। আলট্রাবুকটির নকশায় বৈচিত্র্য আনা হয়েছে, আবার এর স্ক্র্যাপবুক, ডায়েরি, হরোস্কোপ বিষয়গুলো নারীর পছন্দসই হবে।ফুজিৎসুর তৈরি অ্যাজিটা জুয়েলারি ব্র্যান্ডের লোগোযুক্ত ফ্লোরাল কিসের একটি বিশেষ মডেলের সঙ্গে হীরা ও মুক্তা বসানো থাকছে। এ আলট্রাবুকের দাম এখনো প্রকাশ করেনি ফুজিৎসু কর্তৃপক্ষ।