নারীর নিরাপত্তায় ভারতের সব মুঠোফোনে 'প্যানিক' বোতাম
কোনো বিপদে পড়লে একটি বোতাম চাপলেই পাওয়া যাবে সাহায্য। আগামী ছয় মাসের মধ্যে ভারতের নতুন-পুরোনো সব মুঠোফোনে নারীদের জন্য এমন সুবিধা যোগ করা হবে বলে জানিয়েছেন দেশটির নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী। গত শুক্রবার লোকসভার অধিবেশনে তিনি বলেন, ‘এখন থেকে প্রতিটি মুঠোফোনেই আগে থেকে প্যানিক বোতাম যোগ করা থাকবে। এই বোতাম যোগ করেই সব ধরনের নতুন ফোন বানানো হবে। পুরোনো ফোনগুলো প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে নিয়ে গেলে বোতামটি যোগ করে দেবে তারা। কোনো নারী বিপদে পড়লে বোতামটি চাপলেই দ্রুত সাহায্য পৌঁছে যাবে।’
বিপদে নারীদের সাহায্যের জন্য ভারত সরকার এমন ব্যবস্থার প্রস্তাব আগেই করেছিল। এরই সম্প্রসারিত রূপ এটি। দেশটির নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করবে। জানা যায়, বোতামটি কয়েক সেকেন্ড ধরে চেপে ধরলে পূর্বনির্ধারিত একটি নম্বরে সাহায্যের জন্য কল চলে যাবে। ভারতে ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ড এবং নারীর নিরাপত্তার বিষয়টি লোকসভায় উত্থাপন করা হলে মানেকা এসব কথা জানান।
ভারতে নারী নিরাপত্তার সংকটের কথা স্বীকার করে সরকারের পক্ষ থেকে বলা হয়, এই চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যেই এই পরিস্থিতির উন্নতি হবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রকাশিত ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ ২০১৫’ প্রতিবেদন অনুযায়ী ১৪৫টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১০৮ নম্বরে, যা গত বছরে ছিল ১১৪। সরকারের এসব উদ্যোগের কারণেই এই উন্নতি বলে দাবি করছে ভারত সরকার।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে