নারীর পক্ষে ব্র্যাক-মায়ার ডিজিটাল উদ্যোগ

নারীর অধিকার ও লিঙ্গ বৈষম্য দূর করতে ব্র্যাকের জেন্ডার জাস্টিস এবং ডাইভার্সিটি বিভাগ ও নারী স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট মায়া একসঙ্গে কাজ করছে। একাজে অনলাইন প্ল্যাটফর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জুন মাসের ২৯ তারিখে মায়া ও ব্র্যাক এ সংক্রান্ত এই চুক্তি সই করেছে।
নারী অধিকার সুরক্ষা, সচেতনতা ও প্রয়োগ বিষয়ে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। ব্র্যাকের অন্যান্য বিভাগের সহায়তায় জেন্ডার জাস্টিস এবং ডাইভার্সিটি বিভাগ নারী অধিকার আদায়ের ক্ষেত্রে ইন্টারনেটের ক্ষমতাকে কাজে লাগাবে। এদিকে বাংলাদেশে নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ওয়েবসাইট মায়া তৃণমূল পর্যায়ের নারীদের সচেতন করতে কাজ করবে।
জেন্ডার জাস্টিস এবং ডাইভার্সিটি বিভাগের জ্যেষ্ঠ পরিচালক শীপা হাফিজ জানিয়েছেন, মায়া ও ব্র্যাকের চুক্তি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের নারীদের জন্য সমতা নিশ্চিত করতে কাজ করবে। এতে লিঙ্গ বৈষম্য কমবে।
মায়ার প্রতিষ্ঠাতা আইভি হক রাসেল নারী সমস্যার ক্ষেত্রে মায়ার নিষ্ঠার কথা জানান। তিনি বলেন, নতুন মায়ের অভিজ্ঞতার বিষয় নিয়ে মায়ার শুরু হলেও অন্যান্য সমস্যার ক্ষেত্রেও নারীদের সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করছে মায়া।