নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে অংশগ্রহণের সময় বেড়েছে

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত হ্যাকাথন প্রতিযোগিতা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে নিবন্ধনের সময় বেড়েছে। ৩০ মার্চ পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে।
ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। গতবারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬-এর আহ্বায়ক আরিফুল হাসান বলেন, দেশে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক এই প্রতিযোগিতা হচ্ছে। এর মাধ্যমে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ধারণা বের হয়ে আসবে। নাসার মতো বড় বড় প্রতিষ্ঠানে বাংলাদেশিদের চাকরি ও অন্যান্য সংশ্লিষ্টতা বাড়বে। দেশের তিনটি বিভাগে বুটক্যাম্পের আয়োজন করা হবে। সেখান থেকে দুটি করে মোট ছয়টি দল নাসার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এ ছাড়া প্রতিযোগিতায় নির্বাচিত অংশগ্রহণকারী সবাই সনদ পাবেন।
প্রতিযোগিতায় বিমান চালনাবিদ্যা, স্পেস স্টেশন, সোলার সিস্টেম, তথ্যপ্রযুক্তি, আর্থ ও মঙ্গলগ্রহে যাওয়ার বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান করবেন প্রতিযোগীরা। একক বা দলবদ্ধভাবে নিবন্ধনের মাধ্যমে যে কেউ নাসার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহীরা http://studentsforum. basis. org. bd/ওয়েবসাইট থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া প্রতিযোগিতা সম্পর্কে http://spaceappschallenge. org ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।
প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউডক্যাম্প বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম ও পিপল এন টেক।