নাসার প্রতিযোগিতায় বাংলাদেশের গর্ব

নাসার প্রতিযোগিতায় টিকে আছে বাংলাদেশি অ্যাপ
নাসার প্রতিযোগিতায় টিকে আছে বাংলাদেশি অ্যাপ

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’-এর সেমিফাইনালে শীর্ষ ২৫-এর মধ্যে জায়গা করে নিতে লড়ছে বাংলাদেশি প্রকল্প মার্শিয়ান ওয়েসিস। এশিয়ার মধ্য থেকে শুধু বাংলাদেশ ও জাপানের দুটি প্রকল্প সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে আছে। অনলাইন ভোটের মাধ্যমে নির্বাচিত হলে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হবে প্রকল্পটি।
বেসিসের পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬-এর আহ্বায়ক আরিফুল হাসান বলেন, ‘সমগ্র এশিয়ার মধ্য থেকে শুধু বাংলাদেশ ও জাপানের দুটি প্রকল্প সেমিফাইনালে অবস্থান করছে। এটা বাংলাদেশে জন্য গর্বের বিষয়। অনলাইনে ভোট দিয়ে বাংলাদেশি এ প্রকল্পকে বিজয়ী করা যায়। সবার প্রতি প্রকল্পটিতে ভোট দেওয়ার আহ্বান করছি।’

বেসিসের উদ্যোগে বাংলাদেশে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ প্রতিযোগিতায় চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে পিপলস চয়েস ক্যাটাগরিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছিল প্রকল্পটি। এটি ভবিষ্যৎ মঙ্গল গ্রহবাসীদের নিয়ে একটি গেম।
মার্শিয়ান ওয়েসিস প্রকল্পটিকে ভোট দিতে প্রথমে https://2016.spaceappschallenge.org/ সাইটে গিয়ে বিনা মূল্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর https://2016.spaceappschallenge.org/challenges/mars/simspace/projects/martianoasis লিংকে গিয়ে ভোট দিতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে দিনে একবার ভোট দেওয়া যাবে। ১৫ মে পর্যন্ত প্রতিদিন একবার করে ভোট দেওয়া যাবে।