নাসার প্রতিযোগিতায় দেশি তিন অ্যাপের জন্য ভোট
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা ২০১৭-এ ‘পিপলস চয়েজ’ বিভাগে এখন লড়ছে বাংলাদেশের অ্যাপ নির্মাতা তিনটি দল। ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে এই বিভাগের বিজয়ী নির্ধারিত হবে। দলগুলো হলো ঢাকার আত্ম উন্মেষ, বরিশালের জোয়াপথ ২৫ এবং রংপুরের টিম এনলাইটাস।
টাইম প্লাস নিয়ে প্রতিযোগিতায় লড়ছে আত্ম উন্মেষ। টাইম প্লাস অ্যাপ ও রোবটের সমন্বয়ে বনাঞ্চলের দাবানল ঠেকানোর কাজে ব্যবহৃত হবে। অন্যদিকে জোয়াপথ এক রেফ্রিজারেটর তৈরি করেছে। এতে লোহাজাতীয় কোনো পদার্থ ব্যবহার করা হয়নি। টিম এনলাইটাস লড়ছে সাগর, মহাসাগর ও নদীর দূষণ কমায় এমন এক প্রকল্প নিয়ে।
পিপলস চয়েজ বিভাগে এখন ২৫টি দলের সঙ্গে প্রতিযোগিতা করছে বাংলাদেশের এই তিন দল। www.2017.spaceappschallenge.org/vote ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ভোট দেওয়া যাবে পছন্দের যেকোনো উদ্যোগকে। ভোট দেওয়ার শেষ দিন ২২ মে।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত আত্ম উন্মেষ পিপলস চয়েজ বিভাগে ৪ নম্বর স্থানে ছিল। জোয়াপথ ২৫ এবং টিম এনলাইটাসের অবস্থান ছিল যথাক্রমে ১৯ ও ২২ তম স্থানে।