নাসার প্রতিযোগিতায় দ্বাদশ স্থানে চন্দ্রবোট-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) রোবট প্রতিযোগিতায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি রোবট ‘চন্দ্রবোট-২’ একটি শাখায় ১২তম স্থান অর্জন করেছে। নাসার আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত বার্ষিক লুনাবোটিকস মাইনিং কম্পিটিশন (এলএমসি) শীর্ষক প্রতিযোগিতায় জো কসমো অ্যাওয়ার্ড অব এক্সিলেন্সি বিভাগে এই স্থান অর্জন করেছে ‘চন্দ্রবোট-২’। প্রতিযোগিতায় এবার আটটি দেশের ৫৫টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। পাশাপাশি মাইনিং শাখায় ১৪তম হয়েছে চন্দ্রবোট-২। প্রতিযোগিতায় রোবটের নির্দিষ্ট মাটি উত্তোলন, প্রকৌশলপত্র, উপস্থাপনা, প্রচারণাসহ নাসাতে অবস্থানকালে প্রতিযোগীদের আচরণের বিষয়টিও মূল্যায়ন করা হয়। গত ২১ থেকে ২৬ মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ট টেকনোলজি (এমআইএসটি) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) দুটি দলও অংশ নেয়। চন্দ্রবোট-২ দলের শিক্ষক প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান জানান, ‘অনসাইট মাইনিং শাখায় নয় কেজি মাটি সংগ্রহ করে মাইনিং ক্যাটাগরিতেও ১৪তম দল হয় চন্দ্রবোট-২। এ ছাড়া প্রতিযোগিতায় অনানুষ্ঠানিক রোবট-দৌড়েও চতুর্থ স্থান দখল করে দলটি।’চন্দ্রবোট-২ রোবটের ১০ সদস্যের দলের মধ্যে ছিলেন: মো. জুনায়েদ হোসেন (দলনেতা), মাহমুদুল হাসান, মো. মশিউর রহমান, কাজী মোহাম্মাদ রাজীন, সারাহ বিনতে নাসির, নাবিল সাকের, বন্নি আমিন খান, মোহনা গাজী, খাইরুল হাসান ও ফাহিম আল হাসনাইন। এ প্রতিযোগিতায় অংশগ্রহণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করে মোবাইল সংযোগদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। রোবটের নানা তথ্য আছে ফেসবুকে (www.fb.com/BracuChondrobotV2)। —নুরুন্নবী চৌধুরী