নাসার প্রতিযোগিতায় যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র—নাসার তৃতীয় লুনাবোটিকস মাইনিং কনটেস্ট (এলএমসি) নামের রোবট তৈরির প্রতিযোগিতায় চলতি বছর লড়তে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স দলের তৈরি করা রোবট ‘চন্দ্রবট’। মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের আর্থিক সহায়তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই দলটি এবারের প্রতিযোগিতায় অংশ নেবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার ‘কেনেডি স্পেস সেন্টারে’ ২১ থেকে ২৬ মে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। খবর বিজ্ঞপ্তির। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এই চন্দ্রবটের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও রবির ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশন্স বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জাবিদ আহসান ও মহাব্যবস্থাপক গাজী ইমরান আল-আমিন উপস্থিত ছিলেন।লুনার এক্সাভেশন ধারণার সঙ্গে পরিচিত হওয়ার গবেষণা কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়ার জন্য রবি এ দলকে আর্থিক সহায়তা প্রদান করছে। নাসা এ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে লুনার এক্সাভেশন নিয়ে নতুন নতুন ধারণা ও সমাধান পাবে, যা অনেক ক্ষেত্রে মূল লুনার এক্সাভেশন প্রকল্পেও ব্যবহার করতে পারবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি পায়। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে রোবট প্রকল্প তৈরির কাজ শুরু হয়। এই দলের দলনেতা মো. জুনায়েত হোসেন। সদস্যরা হলেন মাহমুদুল হাসান, কাজী মোহাম্মদ রাজিন, সারা বিনতে নাসির, মিরান রহমান, নাবিল সাকের, বনী আমিন খান, ফাহিম আল হাসনাইন, মোহনা গাজী ও খাইরুল হাসান। উপদেষ্টা হিসেবে আছেন মো. খালিলুর রহমান, মো. মোসাদ্দেকুর রহমান ও মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া। প্রসঙ্গত, চলতি বছর নাসার এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির (আইইউটি) আলাদা আলাদা দুটি রোবট নির্মাণ দল অংশ নিচ্ছে।